ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সঠিকভাবে প্রজ্ঞাপন জারি করে চাঁদপুর-১ আসনে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত প্রার্থী হিসেবে তাকে নির্বাচিত ঘোষণার দাবি জানিয়েছেন আ ন ম এহছানুল হক মিলন।
নির্বাচন কমিশনের প্রতি তিনি এই দাবি জানান রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে। জাতীয় প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন হয়।
এহছানুল হক মিলন বলেন, "নির্বাচন কমিশন ভুল করে হোক আর ইচ্ছাকৃতভাবে হোক প্রজ্ঞাপন জারিতে সঠিক পথ অনুসরণ না করায় মহিউদ্দিন খান আলমগীর এর সুযোগ নিচ্ছেন। সঠিকভাবে প্রজ্ঞাপন জারি করা হলে ২০০৮ সালের ২৮ ডিসেম্বরের নির্বাচনে বৈধ সর্বোচ্চ ভোটপ্রাপ্ত প্রার্থী হিসেবে আমাকে নির্বাচিত ঘোষণার জন্য নির্বাচন কমিশনের কাছে দাবি জানাচ্ছি।"
মিলন বলেন, "নির্বাচন কমিশনের জারি করা প্রজ্ঞাপনে ক্রটির কারণে মহিউদ্দিন খান আলমগীর ২০১০ সালের সেপ্টেম্বরে হাইকোর্টে রিট করে কমিশনের প্রজ্ঞাপনটির কার্যক্রম স্থগিত করেন। এর ফলে তার সংসদ সদস্যপদ বহাল রয়েছে।''
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহছানুল হক মিলন ২০০৮ সালের সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মহিউদ্দিন খান আলমগীরের কাছে পরাজিত হন।
অবৈধ সম্পদ অর্জনের দুর্নীতি মামলায় ১৩ বছর সাজা হওয়ায় ২০০৮ সালের ৩ ডিসেম্বর আলমগীরের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। এর বিরুদ্ধে ইসিতে তিনি আপিল করলে ৮ ডিসেম্বর তা খারিজ হয়ে যায়। এরপর হাইকোর্টে আলমগীর রিট আবেদন করলে ওই বছরের ১৫ ডিসেম্বর তা-ও খারিজ হয়।
মহীউদ্দীন আলমগীরের প্রার্থিতা বাতিল করে গত ২২ সেপ্টেম্বর তার নির্বাচনী আসন চাঁদপুর-১ শূন্য ঘোষণার সিদ্ধান্ত নেয় ইসি।
পরদিনই আসটি শূন্য ঘোষণা করে বিশেষ গেজেট (২২ সেপ্টেম্বর তারিখ দিয়ে) প্রকাশ করে। এ আসনে ২২ ডিসেম্বরের মধ্যে উপ-নির্বাচন করার বাধ্যবাধকতার কথাও জানায় ইসি।
এ গেজেটের কার্যকারিতা গত ২৬ সেপ্টেম্বর ছয় মাসের জন্য স্থগিত করে হাইকোর্ট। পরদিন ইসি আদালতের কপি'র অপেক্ষায় রয়েছে জানিয়ে এই নির্বাচন কমিশনার বলেন, "আদালতের রুলের জবাব দেবো।"
মিলন বলেন, "বিজ্ঞ আদালতের রায়ে আমিই বৈধ প্রার্থী। সর্বোচ্চ ভোটপ্রাপ্ত। তাই চাঁদপুর-১ আসনের আমিই বৈধ সংসদ সদস্য।"
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, মিলনের স্ত্রী নাজমুন নাহার বেবী প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/০০৪২ ঘ.
bdnews24