২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমিনী বিরুদ্ধে মামলা

সংবিধান ডাস্টবিনে ছুড়ে ফেলার কথা বলায় ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনীর বিরুদ্ধে ঢাকার হাকিম আদালতে একটি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2011, 06:00 AM

Updated : 24 Aug 2022, 03:38 PM

ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধান ডাস্টবিনে ছুড়ে ফেলার কথা বলায় ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনীর বিরুদ্ধে ঢাকার হাকিম আদালতে একটি মামলা হয়েছে। রোববার এ মামলাটি করেন ঢাকা জেলা আইনজীবী সমিতির সাবেক সহসাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম সর্দার। মামলায় আমিনীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে। মহানগর হাকিম রোখসানা বেগম হেপীর আদালতে দুপুরে বাদির জবানবন্দি নেওয়া হয়। বিকালে আদেশ হওয়ার কথা রয়েছে। আমিনী গত ১৪ জুলাই লালবাগে এক আলোচনা সভায় বলেছিলেন, সংশোধিত সংবিধানকে ছুড়ে ফেলে দেওয়া নয়, একে ডাস্টবিনে ফেলতে হবে। এ বক্তব্য নিয়ে একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির হাইকোর্টে একটি রিট আবেদন করেছেন। ওই আবেদনে আগামী ২৭ জুলাই আমিনীকে তলব করেছে উচ্চ আদালত। পঞ্চদশ সংশোধনীতে সংবিধানে যোগ হওয়া ৭ (ক) অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো ব্যক্তি সংবিধান বা এর কোনো বিধানের প্রতি নাগরিকের আস্থা নষ্ট করার প্রক্রিয়া চালালে বা সমর্থন করলে তা রাষ্ট্রদ্রোহ বলে বিবেচিত হবে। আমিনী অবশ্য বলে আসছেন, রূপক অর্থে তিনি ওই বক্তব্য দিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৪৪০ ঘ.