ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধানে জনগণকে 'সকল ক্ষমতার উৎস' বলার পাশাপাশি মূলনীতির বিরুদ্ধে কথা বললে রাষ্ট্রদ্রোহিতা গণ্য করার বিধানটি 'পরস্পরবিরোধী' বলে মনে করেন ড. কামাল হোসেন।
তার মতে, সংবিধানে একইসঙ্গে ধর্মনিরপেক্ষতা ও রাষ্ট্রধর্ম থাকার বিষয়টিও 'স্ববিরোধী'।
বুধবার সুপ্রিমকোর্টে গণতান্ত্রিক আইনজীবী সমিতি সুপ্রিমকোর্ট শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "সংবিধানের সপ্তম অনুচ্ছেদে জনগণকে সকল ক্ষমতার উৎস বলার পাশাপাশি বলা হয়েছে, সংবিধানের মূলনীতির বিরুদ্ধে কথা বললে রাষ্ট্রদ্রোহিতা হবে। এটা পরস্পরবিরোধী।"
এর ব্যখ্যায় গণফোরাম সভাপতি ড. কামাল বলেন, "জনপ্রতিনিধিরা রাষ্ট্রের মালিকের ক্ষমতা খর্ব করতে পারেন না। যদি খর্ব করার বৈধতা দেওয়া হয়- তাহলে সাংবিধানিক আইনই মিথ্যা হয়ে যায়।"
সংবিধানের ৭ (১) অনুচ্ছেদে বলা হয়েছে, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এর সঙ্গে ৭ (ক) ও (খ) উপধারা যুক্ত করা হয়েছে।
৭ (ক) অনুচ্ছেদে বলা হয়েছে, এই সংবিধান বা ইহার কোনো বিধানের প্রতি নাগরিকের আস্থা, বিশ্বাস বা প্রত্যয় পরাহত করিলে কিংবা করিবার উদ্যোগ নিলে বা ষড়যন্ত্র করিলে তা রাষ্ট্রদ্রোহিতা হইবে।
এই অপরাধের শাস্তি হিসেবে প্রচলিত আইনের 'সর্বোচ্চ দণ্ডের' কথা উল্লেখ করা হয়েছে একই অনুচ্ছেদে।
গত ১৩ জুলাই এক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা বলেন, আগামী সরকার পরিবর্তনের পর সংবিধানের সংশোধনী ছুঁড়ে ফেলা হবে। এর প্রতিক্রিয়ায় পরদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, খালেদা জিয়ার এ বক্তব্য অশালীন ও অপ্রত্যাশিত।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, খালেদার বক্তব্য 'দ্বায়িত্বজ্ঞানহীন, অসৌজন্যমূলক ও রাষ্ট্রদ্রোহ'।
ধর্ম নিরপেক্ষতা, রাষ্ট্রধর্ম
সংবিধানে ধর্ম নিরপেক্ষতাকে চার মূলনীতিতে রাখার পাশাপাশি ইসলামকে রাষ্ট্রধর্ম রাখার বিধানকেও 'স্ববিরোধী' হিসেবে উল্লেখ করেছেন বাংলাদেশের মূল সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য ড. কামাল হোসেন।
তিনি প্রশ্ন রাখেন, "ধর্ম নিরপক্ষেতার মূলনীতি হলে কোনো ধর্মকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া যায় না। তাহলে রাষ্ট্রধর্ম কীভাবে করা হলো? আবার বলা হয়েছে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান এবং অন্যান্য ধর্মের সমান মর্যাদা ও সমঅধিকার নিশ্চিত করা হবে। এর অর্থ কী হয়?"
দুই সামরিক শাসক জিয়াউর রহমান ও এইচ এম এরশাদের সময়ে সংবিধানে যুক্ত হওয়া 'বিসমিল্লাহ' ও 'রাষ্ট্রধর্ম ইসলাম' বহাল রেখেই গত ৩০ জুন জাতীয় সংবিধানের পঞ্চদশ সংশোধনী অনুমোদন করে জাতীয় সংসদ। এর সঙ্গে সংবিধানের মূল চারনীতিতে ধর্ম নিরপেক্ষতাও ফিরিয়ে আনা হয়।
পঞ্চদশ সংবিধান সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বিলোপ করায় প্রধান বিরোধী দল বিএনপি আন্দোলন করছে। ধর্ম নিরপেক্ষতা পুনঃস্থাপনের প্রতিবাদ করছে ইসলামী দলগুলো। অন্যদিকে বিসমিল্লাহ ও রাষ্ট্রধর্ম বহাল রাখা এবং বিভিন্ন নৃগোষ্ঠীর জাতীয়তার স্বীকৃতি না দেওয়ার সমালোচনা করে আসছে বামপন্থী দলগুলো।
বঙ্গবন্ধুর এক সময়ের এই ঘনিষ্ঠ সহচর ড. কামাল বলেন, "সারাজীবন নির্ভেজাল গণতন্ত্রে বিশ্বাস করেছি। এই নির্ভেজাল গণতন্ত্রের স্বপ্নই মুক্তিযুদ্ধের শহীদরা দেখেছেন। এই নীতি ও আর্দশ থেকে কখনো সরে আসিনি। কিন্তু বর্তমানে 'যখন যেমন তখন তেমন' নীতি চলছে।"
তিনি বলেন, "নির্বাহী বিভাগের কর্মকর্তারা লেখেন, 'আদিষ্ট হয়ে লিখছি'। কিন্তু একজন বিচারপতি কখনো এটা লেখেন না। এখানেই বিচার বিভাগের শ্রেষ্ঠত্ব। বিচারপতিদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, কেউ যদি বলেন আদিষ্ট হয়ে রায় লিখছি তাহলে কী তার রায় হিসেবে গণ্য হবে? কিন্তু এখন কেন জানি মনে হয়, আদিষ্ট হয়ে রায় লেখা হচ্ছে।"
অ্যাডভোকেট হাজী সাইফুদ্দিন আহমেদ চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে অন্যদের মধ্যে বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আবদুল বাসেত মজুমদার, সাংবাদিক কামাল লোহানী, গণতান্ত্রিক আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট হরেন্দ্র নাথ নন্দী ও সহ-সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/০০২৫ ঘ.
bdnews24