ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচনের সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সবকিছু নির্বাচন কমিশনের (ইসি) অধীনে থাকবে।
শেখ হাসিনা বুধবার বলেন, "আমরা গণতন্ত্র সুদৃঢ় করতে সক্ষম হয়েছি। নির্বাচন কমিশন স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করবে। এজন্য তাদের শক্তিশালী করতে হবে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সবকিছু নির্বাচন কমিশনের অধীনে থাকবে।"
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সন্ধ্যায় আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকের শুরুতে এ কথা বলেন দলীয় সভানেত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, "আমরা সবরকম স্বাধীনতা নির্বাচন কমিশনকে দিয়েছি। জনগণ যাদের নির্বাচিত করবে, তারাই দেশ পরিচালনা করবে- এটাই আমরা নিশ্চিত করতে চাই।"
সরকার জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করতে চায় উল্লেখ করে এই সরকারের সময় কোনো উপ-নির্বাচন বা স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করা হয়নি বলে দাবি করেন শেখ হাসিনা।
তিনি বলেন, "জনগণ যাদের ওপর আস্থা রেখেছে- তারাই নির্বাচিত হয়েছে।"
মঙ্গলবার নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন জানান, অন্তবর্তী সরকারের সময় তিন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে পরামর্শ করে কাজ করার বাধ্যবাধকতা চায় ইসি। মন্ত্রণালয়গুলো হলো- স্বরাষ্ট্র, জনপ্রশাসন ও স্থানীয় সরকার মন্ত্রণালয়।
গত ৩০ জুন সংশোধন হওয়া সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের পরিবর্তে অন্তবর্তী সরকারের অধীনে হওয়ার কথা।
'সাধ্যমত চেষ্টা করে যাচ্ছি'
রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, "আমরা সাধ্যমত চেষ্টা করে যাচ্ছি- জিনিষপত্রের দাম যাতে না বাড়ে, মানুষ যাতে কষ্ট না পায়। দরিদ্রদের বিনা পয়সায় খাদ্য দেব- যেন তাদের কষ্ট না হয়। মানুষের কষ্ট যাতে কম হয়- সে পদক্ষেপ নিয়েছি।"
জনগণের রোজার মাসে যেন কষ্ট না হয়, সেজন্য যতটুকু প্রস্তুতি দরকার তা সরকার নিচ্ছে বলে জানান শেখ হাসিনা।
খালেদা জিয়ার সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া হবে এবং ফজলুল হক আমিনীর সংবিধান ডাস্টবিনে ফেলে দেওয়ার বক্তব্যে তীব্র নিন্দা জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, "তারা বাংলাদেশে থাকে কেন? পাকিস্তানে কেন যায় না? তারা এতো ধৃষ্টতা কোথায় পায়? দেশ ও জনগণের প্রতি টান নেই। এজন্যই এ ধরণের কথা বলেছে।"
চলতি মাসে দুই পৃথক অনুষ্ঠানে খালেদা ও আমিনী সংবিধান ছুঁড়ে ফেলা বিষয়ক বক্তব্য দেন।
শেখ হাসিনা ক্ষুব্ধ কন্ঠে প্রশ্ন তোলেন, "স্বাধীন-সার্বভৌম দেশ মানলে কী ভাবে এ ধরণের কথা বলে?"
শেখ হাসিনা পঞ্চদশ সংশোধনীর যৌক্তিকতা তুলে ধরে বলেন, "পঞ্চদশ সংশোধনীর মধ্য দিয়ে হত্যা, ক্যু ও ষড়যন্ত্র করে ক্ষমতায় আসার প্রক্রিয়া চিরতরে বন্ধ হয়ে গেছে।"
তত্ত্বাবধায়ক সরকারের বিপক্ষে দলীয় অবস্থান তুলে ধরে শেখ হাসিনা বলেন, "আমরা যখন তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আন্দোলন করেছিলাম, তখন আমরা বলেছিলাম- তিনবার এই পদ্ধতি চাই।"
'২১ অগাস্ট গ্রেনেড হামলার বিচার হবেই'
বিরোধীদলীয় নেতার [খালেদা] উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, "আমাদের সঙ্গে গোস্মা করে লাভ নেই। ওনার সাধের তত্ত্বাবধায়ক সরকারই ওনার বিরুদ্ধে মামলা দিয়েছে। দুর্নীতিবাজদের বিচার হবেই।"
শেখ হাসিনা বলেন, ২১ অগাস্ট গ্রেনেড হামলার বিচার হবেই।
২০০৪ সালের ২১ অগাস্ট রাজধানীতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার বিচারের জন্য সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগপ্রধান বলেন, "গ্রেনেড হামলার আলামত তারা নষ্ট করেছিলো। তার থেকে বোঝা যায় কারা জড়িত।"
বিরোধীদলীয় নীতি নির্ধারকদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, "আন্দোলন করে বিচার ঠেকাতে পারবেন না। বিচার হবেই। বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার ঠেকাতে পারেন নাই।"
গ্রেনেড হামলার ঘটনায় দুই মামলায় চলতি মাসে সম্পূরক অভিযোগপত্র দিয়েছে সিআইডি। এতে বিএনপি চেয়ারপার্সন খালেদার জিয়ার ছোট ছেলে তারেক রহমানসহ বিএনপির তৎকালীন কয়েকজন প্রতিমন্ত্রীকে আসামি করা হয়েছে।
যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে- এটাই খালেদা জিয়ার অন্তর্জালা বলেও মন্তব্য করেন হাসিনা।
তিনি বলেন, "উনি আবার এই আকাক্সক্ষা নিয়ে বসে আছেন- এই সরকারকে সরাতে পারলে যুদ্ধাপরাধীদের বিচার হবে না। উনি তাদের পতাকা দিয়ে কোলে তুলে নেবেন। সেটা আর হবে না।"
বৈঠকের শুরুতে আওয়ামী লীগ সভানেত্রী জানান, বিরাজমান রাজনৈতিক, আর্থ-সামাজিক ও অর্থনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। এছাড়াও পাস হওয়া সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়েও আলোচনা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২১১১ ঘ.
bdnews24