২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাক স্বাধীনতা হরণ হয়েছে: ফখরুল

সংশোধিত সংবিধানের ৭(ক) অনুচ্ছেদ তুলে ধরে বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এর মধ্য দিয়ে বাক স্বাধীনতা হরণ করা হয়েছে। এ অনুচ্ছেদ ব্যবহার করে সরকার বিরোধীদের রাষ্ট্রদ্রোহ মামলায় জড়ানোর হুমকি দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2011, 07:31 AM

Updated : 24 Aug 2022, 03:35 PM

ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংশোধিত সংবিধানের ৭(ক) অনুচ্ছেদ তুলে ধরে বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এর মধ্য দিয়ে বাক স্বাধীনতা হরণ করা হয়েছে। এ অনুচ্ছেদ ব্যবহার করে সরকার বিরোধীদের রাষ্ট্রদ্রোহ মামলায় জড়ানোর হুমকি দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেন, "এককভাবে সংবিধান সংশোধনের পর এখন মানুষের বিশ্বাসের বিরুদ্ধে সরকার অবস্থান নিয়েছে। কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছে। এখন বিরোধী দলকে রাষ্ট্রদ্রোহ মামলার হুমকি দিচ্ছে তারা।" বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত ১৩ জুলাই গণঅনশনে বলেছিলেন, তার দল ক্ষমতায় গেলে পঞ্চদশ সংশোধনী ছুড়ে ফেলা হবে। এর জবাবে সরকারি দলের সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছিলেন, এ জন্য বিরোধীদলীয় নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হতে পারে। সংবিধানে যোগ হওয়া ৭ (ক) অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো ব্যক্তি সংবিধান বা এর কোনো বিধানের প্রতি নাগরিকের আস্থা নষ্ট করার প্রক্রিয়া চালালে বা সমর্থন করলে তা রাষ্ট্রদ্রোহ বলে বিবেচিত হবে। এর সমালোচনা করে বাংলাদেশের মূল সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য ড. কামাল হোসেন শনিবার এক অনুষ্ঠানে বলেছিলেন, "এটি জঘন্য কাজ হয়েছে। এর মানে দাঁড়ায়, প্রতিনিধি বলছে মালিকের ক্ষমতা নেই। এর মাধ্যমে সংবিধানের বিরুদ্ধে কোনো কথা বললে তাকে সর্বো"" শাস্তিযোগ্য একটি অপরাধ করা হয়েছে।" ফখরুল বলেন, "এই সংশোধনীর বিরুদ্ধে এখন নিরপেক্ষ সংবিধান বিশেষজ্ঞরা কথা বলতে শুরু করেছেন। সংবিধান বিশেষজ্ঞরাও সংশোধনী বুঝতে পারছেন না।" নয়া পল্টনে দলীয় কার্যালয়ে ওই সংবাদ সম্মেলনে তিনি জানান, সংবিধান সংশোধনের বিরুদ্ধে বিএনপি ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাবে। দল ও সহযোগী সংগঠনগুলোর এক যৌথসভার পর সংবাদ সম্মেলনে শনিবার দেশব্যাপী বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করেন ফখরুল। যৌথসভায় বিএনপি নেতাদের মধ্যে ছিলেন- আলতাফ হোসেন চৌধুরী, আবদুল্লাহ আল নোমান, শামসুজ্জামান দুদু, আমানউল্লাহ আমান, সালাউদ্দিন আহমেদ, বরকতউল্লাহ বুলু, রুহুল কবির রিজভী, আব্দুস সালাম, ফজলুল হক মিলন, ইলিয়াস আলী, গোলাম আকবর খন্দকার, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, শাহজাদা মিয়া, আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহিন প্রমুখ। সহযোগী সংগঠনের নেতাদের মধ্যে ছিলেন সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, জাফরুল হাসান, হাবিবউন নবী খান, নুরে আরা সাফা, হুমায়ুন ইসলাম খান, এম এ মালেক, রফিকুল ইসলাম মাহতাব, এম এ মালেক, আমিরুল ইসলাম খান আলীম প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৩২০ ঘ.