২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বিরোধী দলের নৈরাজ্য কঠোর হাতে দমন করা হবে'

জানমালের ক্ষতি করে হরতালের নামে বিরোধী দল নৈরাজ্য সৃষ্টি করছে দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, মহাজোট সরকার তা কঠোর হাতে দমন করবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2011, 11:48 AM

Updated : 24 Aug 2022, 03:34 PM

চট্টগ্রাম, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জানমালের ক্ষতি করে হরতালের নামে বিরোধী দল নৈরাজ্য সৃষ্টি করছে দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, মহাজোট সরকার তা কঠোর হাতে দমন করবে। শনিবার চট্টগ্রামের হাটহাজারী উপজেলা মডেল থানা উদ্ধোধনী অনুষ্ঠানে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। তিনি বলেন, বিরোধী দল যুদ্ধাপরাধীদের বিচারকে বাধাগ্রস্ত করা এবং তাদের বাঁচাতে হরতালের মতো ধ্বংসাত্মক কার্যক্রম চালিয়ে মানুষের ভেতর ভয়ভীতি তৈরি করছে। "মানুষ বা দেশের স্বার্থে নয় তারা ব্যক্তিস্বার্থে এ হরতাল করছে, দেশের মানুষ এই নৈরাজ্য চায় না।" তারেকের বিরুদ্ধে অভিযোগপত্র এবং তাকে দেশে আনার কোনো পরিকল্পনা সরকারের আছে কি না- সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, তারেকের বিচার এখনও প্রক্রিয়াধীন এ ব্যাপারে আদালত যে সিদ্ধান্ত নেবে সেটিই চূড়ান্ত। ২০০৪ সালের ২১ অগাস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় দলের কেন্দ্রীয় নেত্রী আইভী রহমানসহ ২৪ জন নিহত এবং কয়েকশ' আহত হন। ওই ঘটনায় একটি হত্যা ও একটি বিস্ফোরক মামলার সম্পূরক অভিযোগপত্রে তারেক রহমানকে আসামি করা হয়েছে। দুটি মামলাতেই তারেকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। গত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হওয়া তারেক বর্তমানে স্বাস্থ্য ভিসায় লন্ডনে অবস্থান করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/আরএম/পিডি/১৭৪২ ঘ.