২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংবিধানে ৭২'র চার মূলনীতি ফেরাতে বিক্ষোভ

বাহাত্তরের সংবিধানের চার মূলনীতি ফিরিয়ে আনার দাবিতে রাজধানীতে বিক্ষোভ করেছে দুটি বামপন্থী রাজনৈতিক দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2011, 02:44 PM

Updated : 24 Aug 2022, 03:33 PM

ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাহাত্তরের সংবিধানের চার মূলনীতি ফিরিয়ে আনার দাবিতে রাজধানীতে বিক্ষোভ করেছে দুটি বামপন্থী রাজনৈতিক দল। বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ করে। বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, সরকার মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ নিচ্ছে। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানকে 'গাঁজাখড়ি' দলিলে পরিণত করা হয়েছে। "ধর্মনিরপেক্ষতার কথা বলে সংবিধানে রাষ্ট্রধর্ম হিসেবে ইসলাম থাকতে পারে না। গোজামিলের সংবিধান সংশোধনের জন্য আওয়ামী লীগকে খেসারত দিতে হবে।" সংবিধানে বহাত্তরের চার মূলনীতির পুনঃপ্রবর্তন, আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি প্রদান এবং যুদ্ধাপরাধীদের দ্রুত বিচারের দাবি জানান তিনি। বর্তমান সরকারের বিভিন্ন 'হটকারি' সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে সমমনা বামপন্থী রাজনৈতিক দলগুলোকে একটি প্লাটফর্মে আসারও আহ্বান জানান খালেকুজ্জামান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএল/২০৪০ ঘ.