২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শান্তিপূর্ণ আন্দোলনে সরকার পতন: খালেদা

খালেদা জিয়া বলেছেন, হরতাল নয়, শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে। কর্মসূচি শুরু হবে ঈদের পর। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2011, 12:49 PM

Updated : 24 Aug 2022, 03:33 PM

ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়া বলেছেন, হরতাল নয়, শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে। কর্মসূচি শুরু হবে ঈদের পর। বুধবার বিকালে গণঅনশন কর্মসূচির সমাপনী বক্তব্যে খালেদা জিয়া বলেন, "আর জ্বালাও-পোড়াও, ভাংচুর-ধ্বংসের রাজনীতি নয়, হরতাল নয়, মানুষকে নিয়ে মধ্যপ্রাচ্যের মতো শান্তিপূর্ণ আন্দোলনে এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটানো হবে। "ঈদের পরই আমরা কর্মসূচি শুরু করবো। শুধু আপনারই নয়, সঙ্গে পরিবারসহ সবাইকে নিয়ে আন্দোলনে নামতে হবে।" তিনি এই ঘোষণা দিয়ে জনগনকে ওই আন্দোলনের জন্য সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার আহবান জানান। একই সঙ্গে আগামীতে ক্ষমতায় এলে বর্তমান সরকারের পাস করা পঞ্চদশ সংশোধনী বাতিল করা হবে বলেও জানান তিনি। চলতি বছরের শুরুর দিকে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে মধ্যপ্রাচ্যে মিশরসহ কয়েকটি দেশে দীর্ঘদিনের স্বৈরশাসনের অবসান ঘটায় দেশগুলোর নাগরিকরা। রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন প্রাঙ্গণে আট ঘণ্টার গণঅনশনের নেতৃত্ব দেন খালেদা জিয়া। খালেদা বলেন, "আমরা সরকারের অপকর্মের প্রতিবাদের এই প্রতীক অনশন করেছি। কিন্তু দেশের দ্রব্যমূল্যে যে অবস্থা তাতে মানুষ প্রতিদিনই এরকম অনশন করছে।" বিকাল ৫টা ১০ থেকে এক ঘণ্টা তিনি দীর্ঘ বক্তব্য দেন। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সরকারের ব্যর্থতা, দলীয়করণ, ভারতের সঙ্গে সম্পাদিত চুক্তি, প্রশাসনের পুলিশ-র‌্যাব ও গোয়েন্দা সংস্থার বাড়াবাড়িসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন খালেদা জিয়া। সংসদে বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুককে পুলিশের লাঠিপেটা, নেতা-কর্মীদের ওপর গ্রেপ্তার-নির্যাতন এবং পঞ্চদশ সংশোধনী বাতিলের দাবিতে বিএনপি গণঅনশন কর্মসূচি পালন করে। সরকারে আড়াই বছরে এটি বিএনপির প্রথম গণঅনশন কর্মসূচি। ৬টা ১০ মিনিটে বক্তব্যে শেষে কণ্ঠশিল্পী বেবী নাজনীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তাজমেরী এস ইসলাম, অধ্যাপক তাহমিনা খালেদা জিয়াকে পানি পান করিয়ে অনশন ভাঙান। এরপর খালেদা জিয়া কঠোর নিরাপত্তার মধ্যে গাড়িবহরে গুলশানের বাসার উদ্দেশ্যে রওনা হন। ট্রানজিট নয় করিডোর ভারতের সঙ্গে সম্পাদিত চুক্তি জনসমক্ষে প্রকাশের দাবি জানিয়ে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বলেন, "সংবিধান অনুযায়ী চুক্তি সম্পাদনের এক মাসের মধ্যে সংসদে তা উপস্থাপন করার কথা থাকলেও সরকার এক বছরেও তা করেনি। উপরন্তু তারা এবার সংশোধনী এনে চুক্তি সংসদে উপস্থাপনের ধারা বাতিল করেছে। "অবশ্যই ভারতের সঙ্গে সম্পাদিত ট্রানজিটসহ সব চুক্তি জনসমক্ষে প্র্রকাশ করতে হবে। জনগণকে জানাতে হবে- ওই চুক্তিতে কী কী আছে।" প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সমতার ভিত্তিতে সুসর্ম্পক গড়ে তোলার কথা ব্যক্ত করে খালেদা জিয়া বলেন, "আমরা মাথা উঁচু করে থাকতে চাই। সবার সঙ্গে সমতার ভিত্তিতে সর্ম্পক রক্ষা করতে চাই। নিজেদের স্বার্থ জলাঞ্জলি দিয়ে কোনো চুক্তি করার পক্ষে নই আমরা।" র‌্যাব-পুলিশ-গোয়েন্দাদের প্রতি হুঁশিয়ারি বিরোধী দলের ওপর পুলিশ-র‌্যাব ও গোয়েন্দা সংস্থার 'বাড়াবাড়িতে' ক্ষোভ প্রকাশ করে সাবেক প্রধানমন্ত্রী বলেন, "পুলিশ ও র‌্যাব বাহিনীকে সর্তক করে বলছি- এই দিন দিন নয়, এই সরকারই শেষ সরকার নয়। এই সরকার চলে গেলে কেউ তোমাদের রক্ষা করতে করতে পারবে না।" বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুকের ওপর পুলিশের নির্যাতনের কঠোর সমালোচনা করে খালেদা বলেন, "যে পুলিশ বাহিনী সংসদ সদস্যকে সালাম দেওয়ার কথা। সেখানে ওই পুলিশের বুটের নিচে আজ গণতন্ত্র চাপা পড়েছে।" গোয়েন্দা সংস্থার প্রতি হুঁশিয়ারি দিয়ে খালেদা জিয়া বলেন, "রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের নামে বিরোধীদলীয় নেতা-কর্মীদের ওপর অত্যাচার-নির্যাতন করছে গোয়েন্দারা। আমি বলতে চাই- আপনারা অনেক বাড়াবাড়ি করছেন। এ থেকে বিরত থাকুন। দেশের স্বাধীনতা রক্ষায় কাজ করুন।" নইলে এর পরিণতি শুভ হবে না বলে সতর্ক করেন খালেদা। ' আওয়ামী লীগ অগণতান্ত্রিক' সরকার জনগণের কাছে দেওয়া কোনো অঙ্গীকারই বাস্তবায়ন করেনি বলে অভিযোগ করেন খালেদা। তিনি বলেন, "কেবল লুটপাট, দুর্নীতি, দখলবাজি করেছে। শেয়ারবাজারের অর্থ লুণ্ঠন করেছে। বিভিন্ন স্থানে পেট্রোল পাম্পের মালিক হয়েছে তারা। অথচ নির্যাতন, হত্যা আর গুম করে চালিয়ে বিরোধী দলকে দাবিয়ে রাখতে চায় সরকার। যারা সক্রিয় তাদের হত্যা অথবা গুম করা হচ্ছে, নইলে কারাগারে পাঠানো হচ্ছে।" বিরোধী দলের গণতান্ত্রিক অধিকারে বাধা দেওয়ার অভিযোগ এনে খালেদা জিয়া বলেন, "আমাদের কথা বলতে দেওয়া হয় না। সভা-সমাবেশ এবং মানববন্ধন করতে বাধা দেওয়া হয় না। ঢাকা শহরে জনসমাবেশ করতে দেওয়া হয় না। মুক্তাঙ্গনে সমাবেশ হতো তাও বন্ধ করে দিয়েছে সরকার। জনসমাবেশ করার গণতান্ত্রিক অধিকার তারা কেড়ে নিয়েছে।" বিরোধীদলীয় নেতা অভিযোগ করেন, বর্তমান সংসদ একদলীয় এবং অকার্যকর হয়ে গেছে। বিরোধী দলের কোনো মূলতবি প্রস্তাব আলোচনার জন্য গ্রহণ করা হয়নি। খালেদা জিয়া অভিযোগ করেন, "বাংলাদেশ একটি জেলার হাতে বন্দি হয়ে গেছে। সেই জেলা গোপালগঞ্জ। ওই জেলার মানুষ হলে সব কিছু মাফ। প্রশাসনের সব জায়গায় ওই জেলার লোকজন বসানো হয়েছে।" খালেদা জিয়া ভিকারুননিসা স্কুলের একজন শিক্ষকের হাতে ছাত্রীর লাঞ্জিত হওয়া ঘটনার বিচার দাবি করেন খালেদা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২০৩৩ ঘ.