ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন প্রাঙ্গনে বুধবার আট ঘণ্টার গণঅনশন শেষ করেছে বিএনপি। খালেদা জিয়ার বক্তব্যের মধ্য দিয়ে ৮ ঘণ্টার গণঅনশন কর্মসূচির সমাপ্তি হয় সন্ধ্যা ৬টা ১০ মিনিটে।
অনশন শুরু হয় সকাল ১০টা ৫ মিনিটে। খালেদা জিয়া মঞ্চে চেয়ারে বসে অনশন করেন। অন্য নেতারা মঞ্চে বসেন।
সন্ধ্যায় কণ্ঠশিল্পী বেবী নাজনীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তাজমেরী এস ইসলাম, অধ্যাপক তাহমিনা খালেদা জিয়াকে পানি পান করিয়ে অনশন ভাঙান।
অনশন কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠনের নেতারা একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন। মোট ৩৯ জন বক্তব্য রাখেন।
দুপুর ১২টায় খালেদা জিয়া অনশন স্থলে এসে কর্মসূচির নেতৃত্ব দেন। এরপর কন্ঠশিল্পী বেবী নাজনীন, মুনীর খানহ বিভিন্ন শিল্পী দলীয় সঙ্গীতসহ কয়েকটি কোরাস গান পরিবেশন করেন। বক্তাদের বক্তব্যে ফাঁকে ফাঁকে পাঠ করা হয় কবিতা।
সরকারের বিরুদ্ধে বিরোধী দলের এটি প্রথম গণঅনশন কর্মসূচি। ২০১০ সালের জুনে সরকারের বিরুদ্ধে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে ৬ ঘন্টার গণ-অবস্থান কর্মসূচি পালন করে বিএনপি। ওই কর্মসূচিরও নেতৃত্ব দেন খালেদা জিয়া।
সংসদে বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুককে পুলিশের লাঠিপেটা, নেতা-কর্মীদের ওপর গ্রেপ্তার-নির্যাতন এবং পঞ্চদশ সংশোধনী বাতিলের দাবিতে বিএনপি গণঅনশন কর্মসূচি পালন করে। সরকারে আড়াই বছরে এটি বিএনপির প্রথম গণঅনশন কর্মসূচি।
এলডিপির একাত্মতা
বুধবারের অনশন কর্মসূচিতে সংহতি প্রকাশ করে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি। দলটির সভাপতিমণ্ডলীর সদস্য রেদোয়ান আহমেদ, যুগ্ম মহাসচিব সাহাদাৎ হোসেন সেলিমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মঞ্চে খালেদা জিয়ার হাতে ফুল দিয়ে একাত্মতা প্রকাশ করেন।
এছাড়া চারদলের শরিক জামায়াতে ইসলামী, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), সমমনা দলগুলোর মধ্যে ইসলামিক পার্টি, লেবার পার্টি, ন্যাশনাল পিপলস পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি, জাতীয় পার্টি (মতিন), মুসলিম লীগ, বাংলাদেশ ন্যাপ, ন্যাপ-ভাসানী, কল্যাণ পার্টি, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, ন্যাশনাল ইয়ুথ ফোরাম, ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, সাংবাদিক সমিতি, ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনসহ শতাধিক দল ও সংগঠন এই্ কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে।
জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমেদ, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান, খেলাফত মজলিসের চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ ইসহাক, জাগপা প্রধান শফিউল আলম প্রধান, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু, ন্যাপ এর সভাপতি জেবেল রহমান ঘানি, ইসলামিক পার্টির সভাপতি আবদুল মবিন, মুসলিম লীগের মহসচিব আতিকুল ইসলাম, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান খন্দকার গোলাম মূর্তজা, লেবার পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় পার্টি (মতিন ) মহাসচিব আবু নাসের মোহাম্মদ রাহমাতুল্লাহ, ন্যাপ ভাসানীর সভাপতি শেখ আনোয়ারুল হক, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের গৌতম চক্রবর্তী প্রমুখ নেতা এসময় বক্তব্য দেন।
পেশাজীবীদের একাত্মতা
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অধ্যাপক এম এ মাজেদ, গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদ, অধ্যাপক এ এস এম ফায়েজসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেনসহ আইনজীবী, প্রকৌশলী, কৃষিবিদ, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, কয়েকজন সাংবাদিক এই অনশনে একাত্মতা প্রকাশ করে।
পেশাজীবীদের মধ্যে সম্মিলিত পেশাজীবী পরিষদের আহবায়ক মাহমুদুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডীন অধ্যাপক সদরুল আমিন, অধ্যাপক মাহবুবউল্লাহ, অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শওকত মাহমুদ, কর্ম কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক জিন্নতুন নেসা ফাহমিদা খাতুন, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস শহিদ, শিক্ষক-কর্মচারি ঐক্যজোটের সভাপতি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলাম, প্রকৌশলী আ ন হ আখতার হুসেন, কবি আল মুজাহিদী, আবু সালেহ প্রমুখ বক্তব্য রাখেন।
'
বাবার রক্ত যেন বৃথা না যায়'
জয়নুল আবদিন ফারুকের মেয়ে তামান্না বলেন, "আমাব বাবার ওপর পুলিশি কী অত্যাচার করেছে, তা দেশবাসী টেলিভিশনের মাধ্যমে দেখেছেন। আপনারা এর বিচার করবেন- এটাই আমার আকুতি। আমার বাবার রক্ত যেন বৃথা না যায়। তিনি গণতন্ত্রের জন্য পুলিশি নির্যাতনের শিকার হয়েছেন।"
ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ফারুককে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়া হবে বলেও জানান তামান্না। তিনি তার বাবার আশু আরোগ্য কামনায় দোয়া চান।
গত বুধবারের হরতালে ফারুক সংসদ ভবনের কাছে পুলিশের লাঠিপেটায় আহত হন ফারুক।
গণঅনশন বিএনপির নেতারা
এই কর্মসূচিতে দলীয় সর্বস্তরের নেতা-কর্মীরা অংশ নেন। মৎস্যভবন থেকে শাহবাগ পর্যন্ত একপাশের পুরো সড়কে হাজার হাজার নেতা-কর্মী ব্যানার নিয়ে সমবেত হয়।
অনশনের জন নির্মাণ করা হয় বিশাল মঞ্চ। মঞ্চ ও আশপাশে টানানো হয় প্যাণ্ডেল। বিশাল প্যাণ্ডেলে চার পাশে জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমানের ছবি সম্বলিত বিভিন্ন ব্যানার টানানো হয়।
মঞ্চে খালেদা জিয়াসহ দলের সিনিয়র নেতা ও সাংসদরা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন।
অনুষ্ঠান পরিচালনা করেন মহানগর সদস্য সচিব আবদুস সালাম ও দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন।
অনশনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আর এ গনি, মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, এম কে আনোয়ার, আ স ম হান্নান শাহ, গয়েশ্বর চন্দ্র রায়, সহসভাপতি আলতাফ হোসেন, আবদুল্লাহ আল নোমান, ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা, উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী, ফজলুর রহমান পটল, ওসমান ফারুক, মাহমুদুল হাসান, হাফিজ উদ্দিন আহমেদ, ইনাম আহমেদ চৌধুরী, শাহজাহান ওমর, শামসুজ্জামান দুদু, আহমেদ আজম খান, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, সালাউদ্দিন আহমেদ, বরকত উল্লাহ বুলু, মিজানুর রহমান মিনুসহ সিনিয়র নেতৃবৃন্দ নেতাবৃন্দ, কেন্দ্রীয় নেতা, সাংসদরা এবং নেতা-কর্মীরা অংশ নেন।
অনশনে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, এম কে আনোয়ার, জমির উদ্দিন সরকার, রফিকুল ইসলাম মিয়া, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঢাকার মেয়র ও বিএনপির সহসভাপতি সাদেক হোসেন খোকা প্রমুখ বক্তব্য দেন।
অনশন উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন প্রাঙ্গণসহ মৎস্যভবন থেকে শাহবাগ পর্যন্ত ব্যাপক পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/১৮৩২ ঘ.
bdnews24