২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার উন্মত্ত হয়ে উঠেছে: মির্জা ফখরুল

দমন-নির্যাতনে সরকার উন্মত্ত হয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2011, 12:26 PM

Updated : 24 Aug 2022, 03:32 PM

ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দমন-নির্যাতনে সরকার উন্মত্ত হয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার বিকালে এক সংবাদ ব্রিফিংয়ে বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুককে পুলিশ জামিনের জন্য হাইকোর্টে যেতে না দেওয়ার নিন্দা জানিয়ে এ অভিযোগ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, "জামিনের জন্য হাইকোর্টে যেতে গেলে ফারকের অ্যাম্বুলেন্স হাসপাতাল থেকে বের হতে দেওয়া হয়নি। হরতালে কীভাবে বিরোধী দলীয় নেতা-কর্মী ও আলেম-উলামাদের ওপর পুলিশ নির্যাতন চালিয়েছে। সরকার দমন-নির্যাতনে উন্মাত্ত হয়ে উঠেছে।'' নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ ব্রিফিং হয়। রাজধানীর দারুস সালাম মহিলা দলের সদস্য নাজমা কবির, স্বামী হুমায়ুন কবিরসহ তার দুই সন্তানের ওপর 'পুলিশি নির্যাতনের' প্রতিবাদে এই সংবাদ ব্রিফিং হয়। বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকা ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিন ৬ জুলাই শেরে বাংলা নগরে সংসদ সদস্যসের বাসভবনের সামনে পুলিশের লাঠিপেটায় আহত হন জয়নুল আবদিন। সোমবার সকালে ফারুকের পক্ষে জামিনের আবেদন করেন মাহবুব উদ্দিন খোকন। আদালত বিকালে জামিনের শুনানির জন্য সময় নির্ধারণ করে। শুনানিতে বিরোধীদলীয় প্রধান হুইপের পক্ষে ব্যারিস্টার মওদুদ আহমেদ ও খন্দকার মাহবুব হোসেন অংশ নেন। পরে মওদুদ সাংবাদিকদের বলেন, জামিন আবেদন আদালতে দেওয়ার পর আদালত ৪টায় শুনানির সময় নির্ধারণ করে। এরই মধ্যে হাসপাতালে যোগাযোগ করে ফারুককে নিয়ে আসার জন্য বলা হলেও পুলিশি বাধার কারণে তা সম্ভব হয়নি। মির্জা ফখরুল বলেন, "বিরোধী দলের প্রধান হুইপের অবস্থা ভালো নয়। তিনি ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসকরা তাকে দ্রুত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে বলেছে। স্পিকারও তাকে বিদেশে যাওয়ার অনুমতি দিয়েছেন। "এরকম অবস্থায় ফারুকের বিরুদ্ধে পুলিশের দায়ের করা একটি মামলার জামিন নিতে অ্যাম্বুলেন্সে করে তাকে হাইকোর্টে নিয়ে যেতে চাইলে পুলিশ যেতে দেয়নি। আমরা এর নিন্দা জানাই।" বিরোধী দলের প্রধান হুইপের সাংবিধানিক অধিকার রক্ষার জোর দাবিও জানান তিনি। মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা বিএনপির ডাকা গত ৬ ও ৭ জুলাই ৪৮ ঘণ্টা হরতালের আগের দিন মহিলা দলের নাজমা কবিরসহ তার পরিবারের সদস্যদের ওপর দারুস সালাম থানা পুলিশের 'নির্যাতনের চিত্র' তুলে ধরে বলেন, "এটা সব নির্মমতাকে হার মানিয়েছে। নাজমা কবিরসহ তার স্বামী ও পুত্র-কন্যাকে থানা আটক করে এই নির্যাতন চালানো হয়েছে।" তিনি বলেন, "নাজমার হাতের একটি নখ উঠিয়ে ফেলা হয়েছে। স্কুলপড়ুয়া কন্যা ও পুত্রকে বেদম প্রহার করা হয়েছে মা-বাবার সামনে। একইভাবে ছেলে-মেয়ের সামনে মা-বাবার ওপর নির্যাতন হয়েছে।" শিরিন সুলতানা দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সংশ্লিষ্ট পুলিশদের বিচার দাবি করেন। সংবাদ ব্রিফিংয়ে মহানগর সদস্য সচিব আবদুস সালাম, মহিলা দলের সভানেত্রী নূরে আরা সাফা, সহসভাপতি রাবেয়া সিরাজ, মহানগর সভাপতি সুলতানা আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/১৮২৩ ঘ.