২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন সোমবার'

দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনে সোমবার আবেদন করা হবে বলে জানিয়েছেন ট্রাইবুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2011, 01:36 PM

Updated : 24 Aug 2022, 03:31 PM

ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনে সোমবার আবেদন করা হবে বলে জানিয়েছেন ট্রাইবুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী। জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সাঈদীর বিরুদ্ধে ট্রাইবুনালে দায়ের করা মামলার দায়িত্বে নিয়োজিত রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ হায়দার আলী রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমাদের প্রধান প্রসিকিউটর তদন্ত প্রতিবেদনে শেষ মুহূর্তের যাচাই-বাছাই করছেন। আশা করি, আগামীকাল আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন করতে পারবো। গত ৩১ মে সাঈদীর বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে বলেছিলো ট্রাইবুনাল। এর আগের দিন একাত্তরে হত্যা-ধর্ষণ-লুণ্ঠনের অভিযোগের প্রমাণ সম্বলিত ৪ হাজার ৭৪ পৃষ্ঠার প্রতিবেদন তৈরি করে প্রসিকিউশনকে জমা দেয় মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থা। ওইদিন সৈয়দ হায়দার আলী সাংবাদিকদের বলেন, আদালত ১২ জুন পরবর্তী শুনানির দিন ধার্য করে আমাদের পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে বলেছে। একাত্তরের যুদ্ধাপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাঈদীকে গত বছর গ্রেপ্তার করা হয়। এরপর সাঈদীর এলাকা পিরোজপুরে তদন্ত চালিয়ে মানবতাবিরোধী অপরাধে তার জড়িত থাকার প্রমাণ সংগ্রহ করেন তদন্ত কর্মকর্তারা। গত ১২ মে সেফ হোমে তাকে দিনভর জিজ্ঞাসাবাদ করা হয়। একাত্তরের যুদ্ধাপরাধের বিচারে গত বছরের ২৫ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর থেকে এ পর্যন্ত জামায়াতের পাঁচ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বিএনপিরও দুই নেতা একই অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। তাদের মধ্যে সংসদ সদস্য সালাউদ্দিন কাদের কারাগারে থাকলেও জিয়াউর রহমান আমলের মন্ত্রী আব্দুল আলীম শর্তসাপেক্ষে জামিনে রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/১৯২৮ ঘ.