বরিশাল, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালের সমর্থনে মিছিল করা নিয়ে দেশের বিভিন্ন স্থানে ইসলামী আন্দোলন বাংলাদেশ'র ৫৬ নেতাকর্মী আটক হয়েছেন।
এরমধ্যে রয়েছেন বরিশালে ২৭ জন, নোয়াখালীতে ৬ জন, খুলনায় ১৫ জন, নাটোরে ২ জন ও মুন্সীগঞ্জে ৬ জন।
সংশ্লিষ্ট এলাকার পুলিশ এ আটকের বিষয়টি নিশ্চিত করেছে।
শনিবার এসব স্থানে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষ হয়।
এদিকে সমমনা ১১টি দল রাজনৈতিক উদ্দেশ্যে ৩০ ঘণ্টার হরতাল ডেকেছে অভিযোগ করে ইতোমধ্যে ইসলামি আন্দোলন আলাদাভাবে রোববার হরতাল পালন করবে বলে জানিয়ে দিয়েছে।
গত ৩০ জুন সংবিধানের পঞ্চদশ সংশোধনী সংসদে পাস হয়। এতে রাষ্ট্রধর্ম ইসলাম রেখে অন্যান্য ধর্মের সমমর্যাদা ও সমঅধিকার নিশ্চিত করার বিধান যোগ করা হয়। সংবিধান সংশোধনের পুরো প্রক্রিয়ায় প্রধান বিরোধী দল বিএনপি সংসদে অনুপস্থিত ছিল।
সংবিধানের মূলনীতি থেকে 'আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস' উঠিয়ে দেওয়ার অভিযোগ এনে এর প্রতিবাদে এ হরতাল ডেকেছে দলগুলি।
১১টি দল হলো- বাংলাদেশ খেলাফত মজলিশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি), ইসলামী ঐক্য আন্দোলন, বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ ন্যাপ, ন্যাপ- ভাসানী, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), ইসলামিক পার্টি ও নেজামে ইসলাম পার্টি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/কেএমএস/২১২৪ ঘ.
bdnews24