ঢাকা, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালে বাধা দিলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে সরকারকে 'হুশিয়ার' করে দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর সৈয়দ মোহাম্মাদ রেজাউল করীম।
শনিবার রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
সংবিধানে 'আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস' কথাটি বাদ দেওয়ার প্রতিবাদে আগামী রোববার হরতাল ডেকেছে ইসলামী আন্দোলন। একই দাবিতে সোমবারও আধাবেলা হরতাল ডেকেছে ১১টি ইসলামী দল, যাতে সমর্থন রয়েছে ইসলামী আন্দোলনের।
রেজাউল করীম বলেন, গত ৩০ জুন সরকার সংসদে সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাসের মাধ্যমে অন্যতম মূলনীতি 'আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস' কথাটি তুলে দিয়ে "ধর্ম নিরপেক্ষতা' স্থাপন করেছে।
সরকারের সংবিধান সংশোধনের উদ্যোগের শুরু থেকে মূলনীতি অবিকৃত রাখার দাবি ছিলো জানিয়ে তিনি বলেন, "প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেছিলেন, সংবিধানে এমন কোনো পরিবর্তন আনা হবে না, যাতে দেশের মানুষের অনুভূতিতে আঘাত লাগে। অথচ অবাক হয়ে দেখলাম জনমত উপেক্ষা করে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে সংবিধান সংশোধন করা হয়েছে।"
হরতালের আগে সরকার ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের গ্রেপ্তার করছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।
১১টি ইসলামী সংগঠন হরতাল ডাকার পর বিএনপি-জামায়াতও এতে সমর্থন দিয়েছে। তাদের সঙ্গে ইসলামী আন্দোলনের সমর্থনের কোনো যোগসূত্র থাকার কথা নাকচ করেন রেজাউল করীম।
১১টি ইসলামী দলের হরতালে সমর্থন দিলেও তাদের সঙ্গে কোনো জোট হয়নি বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এমআই/১৫২০ ঘ.
bdnews24