২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদে আসুন, বিরোধী দলকে সুরঞ্জিত

হরতালের মতো কর্মসূচি না দিয়ে বিরোধী দলকে সংসদে এসে কথা বলার আহবান জানিয়েছেন সুরঞ্জিত সেনগুপ্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2011, 04:00 PM

Updated : 24 Aug 2022, 03:30 PM

ঢাকা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালের মতো কর্মসূচি না দিয়ে বিরোধী দলকে সংসদে এসে কথা বলার আহবান জানিয়েছেন সুরঞ্জিত সেনগুপ্ত। বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে উদ্দেশ্যে করে সুরঞ্জিত সেনগুপ্ত বুধবার বলেন, "একবিংশ শতাব্দীর এই যুগে হরতাল অচল হয়ে গেছে। হরতাল করে আমাদের ফেলতে পারবেন না। অতীতেও কেউ পারেনি।" সুরঞ্জিত বিরোধীদলীয় নেতাকে উদ্দেশ্য করে আরো বলেন, দেশটা সকলের। ক্ষমতা কারো চিরস্থায়ী নয়। আপনি দেশটাকে কী বানাতে চান? দয়া করে দেশে অশান্তির আগুন জালাবেন না।" জাতীয় সংসদের বুধবারের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে সুরঞ্জিত সেনগুপ্ত এ সব কথা বলেন। হরতাল চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে বিরোধীদলীয় প্রধান হুইপের লাঠিপেটা হওয়ার ঘটনায় নিন্দা জানান সুরঞ্জিত। তিনি বলেন, "আমরা এই ঘটনার প্রশংসা করি না। আমরা নিন্দা করি।" সুরঞ্জিত আরো বলেন, "সংবিধানের সংশোধন সংসদেই করতে হবে। না হলে অসাংবিধানিক পথেই যেতে হবে।" সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের প্রতিবাদসহ কয়েকটি দাবিতে বুধবার সকাল ৬টা থেকে সারাদেশে ৪৮ ঘণ্টা হরতাল ডেকেছে সংসদে প্রধান বিরোধী দল বিএনপিসহ চার দল। এর প্রথমদিন বুধবার সকালে সংসদ ভবনের সামনে ধস্তাধস্তির পর পুলিশের লাঠিপেটায় আহত হন বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক। ফারুকসহ বিএনপি কর্মীদের সঙ্গে ধস্তাধস্তিতে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার হারুণ অর রশীদসহ দুই পুলিশ কর্মকর্তা আহত হন। সুরঞ্জিত সেনগুপ্তের পর আওয়ামী লীগের সাংসদ আব্দুল মান্নান বিরোধীদলীয় প্রধান হুইপ আহত হওয়া প্রসঙ্গে বলেন, "আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লাঞ্ছিত করলে তো শাস্তি পেতেই হবে।" এর আগে, মাগরিবের নামাজের বিরতীর পর অধিবেশন শুরু হলে জাতীয় সমাজতান্ত্রিক দলের মইন উদ্দিন খান বাদল বলেন, "প্রজাতন্ত্রের কর্মচারীকে অ্যাসল্ট করা অপরাধ। শুনলাম, বিরোধীদলীয় প্রধান হুইপ প্রজাতন্ত্রের কর্মচারীকে আঘাত করেছেন। এই ঘটনা যেন পল্লবীত হয়ে জনগণের কাছে না যায়- সেজন্য আমি স্বরাষ্ট্রমন্ত্রী, না হলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বিবৃতি দাবি করছি।" বিডিনিউজ টোয়েন্টিফেঅর ডটকম/এসইউএম/পিডি/২১৫৩ ঘ.