ঢাকা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালে বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুককে পুলিশের লাঠিপেটার ঘটনা তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেবেন স্পিকার আবদুল হামিদ।
লাঠিপেটার ঘটনায় দুই পুলিশ কর্মকর্তাসহ জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়ে স্পিকারকে বিরোধী দলের সংসদ সদস্যরা স্মারকলিপি দেওয়ার পর স্পিকার সাংবাদিকদের এ কথা জানান।
ঘটনার জন্য দুঃখপ্রকাশও করেন স্পিকার।
বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে তারা স্মারকলিপি পেশ করেন।
এর আগে সংসদ ভবনের প্রচার কক্ষে ব্রিফিংয়ে বিরোধী দলের সংসদ সদস্যদের পক্ষে এম মাহবুব উদ্দিন খোকন অভিযোগ করেন, "সরকারের প্রত্যক্ষ মদদেই বিরোধী দলের চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের ওপর হামলা চালানো হয়েছে এবং তার প্রাণ নাশের চেষ্টা করা হয়েছে।"
ওই দুই পুলিশ কর্মকর্তা ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতা ছিলেন বলেও দাবি করেন তিনি।
সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের প্রতিবাদসহ কয়েকটি দাবিতে বুধবার সকাল ৬টা থেকে সারাদেশে ৪৮ ঘণ্টা হরতাল ডেকেছে সংসদে প্রধান বিরোধী দল বিএনপিসহ চার দল।
এর প্রথমদিন বুধবার সকালে সংসদ ভবনের সামনে ধস্তাধস্তির পর পুলিশের লাঠিপেটায় আহত হন বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক। ফারুকসহ বিএনপি কর্মীদের সঙ্গে ধস্তাধস্তিতে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার হারুণ অর রশীদসহ দুই পুলিশ কর্মকর্তা আহত হন।
আহত জয়নুল ইউনাইটেড হাসপাতালে ভর্তি জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের বলেন, তার মাথায় ১১টি সেলাই দেওয়া হয়েছে।
সংসদ ভবনের প্রচার কক্ষে সংবাদ ব্রিফিংয়ে জামায়াতসহ বিরোধী দলের ১৬ সংসদ সদস্য উপস্থিত ছিলেন।
ব্রিফিং শেষে স্পিকারের কাছে স্মারকলিপি দেওয়া হয়।
স্মারকলিপিতে বলা হয়, নির্যাতনকারী পুলিশ কর্মকর্তা হারুন ও বিপ্লব সরকারসহ ঘটনায় জড়িত সবাইকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/পিডি/২০২০ ঘ.
bdnews24