২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনগণ সরকারকে আর চায় না: জামায়াত

জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, জনগণ সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2011, 02:05 PM

Updated : 24 Aug 2022, 03:30 PM

ঢাকা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, জনগণ সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। বুধবার রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আজহারুল ইসলাম বলেন, বিরোধী দলের ওপর অত্যাচার-নির্যাতন চালিয়ে সরকার ক্ষমতায় থাকতে পারবে না। সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের প্রতিবাদসহ কয়েকটি দাবিতে বুধবার সকাল ৬টা থেকে সারাদেশে ৪৮ ঘণ্টা হরতাল পালন করছে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ সমমনা চারদল। তিনি বলেন, হরতাল, মিছিল, সমাবেশ প্রত্যেক নাগরিকের গণতান্ত্রিক অধিকার। কিন্তু হরতাল কর্মসূচি ঘোষণার সঙ্গে সঙ্গে সরকার বেপরোয়া হয়ে উঠে। "বিরোধীদলীয় চীফ হুইপের ওপর হামলা সংসদীয় রাজনীতির ওপর নগ্ন হস্তক্ষেপ। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি 'হামলাকারীদের' শাস্তি দাবি করেন তিনি। হরতালের প্রথমদিন বুধবার সকালে সংসদ ভবনের সামনে ধস্তাধস্তির পর পুলিশের লাঠিপেটায় আহত হন বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক। ফারুকসহ বিএনপি কর্মীদের সঙ্গে ধস্তাধস্তিতে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার হারুণ অর রশীদসহ দুই পুলিশ কর্মকর্তা আহত হন। সরকারের বাধা ও পুলিশী নির্যাতনের মধ্যেও হরতাল কর্মসূচি পালন হচ্ছে জানিয়ে তিনি বলেন, এর মাধ্যমে এই সরকারকে জনগণ প্রত্যাখ্যান করেছে। হরতাল পালনকে কেন্দ্র করে গত দুই দিনে সারা দেশে জামায়াত-শিবিরের শতাধিক নেতা-কর্মীকে প্রেপ্তার করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে দাবি করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/পিডি/২০০১ ঘ.