ঢাকা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালে সংসদ ভবনের সামনে ধস্তাধস্তির পর পুলিশের লাঠিপেটায় আহত হয়েছেন বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক।
সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের প্রতিবাদে বিএনপিসহ চার দল বুধবার সকাল থেকে ৪৮ ঘণ্টার এ হরতালের ডাক দেয়।
হরতালে সকাল থেকে ঢাকায় গাড়ি চলাচল খুব কম। আন্তঃজেলা টার্মিনালগুলো থেকে দূরপাল্লার বাস ছাড়ছে না। তবে ট্রেন, লঞ্চ ও বিমান চলাচল স্বাভাবিক।
সকাল ৭টার দিকে ফারুকের নেতৃত্বে বিএনপির সংসদ সদস্যরা সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে মিছিল বের করে।
মিছিল থেকে বাস লক্ষ্য করে ইট ছুড়লে পুলিশ বিএনপির সংসদ সদস্যদের বাধা দেয়। এরপর ফারুকের সঙ্গে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার হারুণ অর রশীদের সঙ্গে তর্কাতর্কি ও পরে ধস্তাধস্তি হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। এরপরই পুলিশ লাঠিপেটা করে ফারুককে।
লাঠিপেটায় আহত ফারুককে সংসদ সদস্যরা মানিক মিয়া এভিনিউর সংসদ সদস্যদের আবাসে (ন্যাম ফ্ল্যাট) সৈয়দা আসিফা আশরাফী পাপিয়ার বাসায় নিয়ে যান। সকাল পৌনে ১০টার দিকে সংসদের অ্যাম্বুলেন্সে করে তাকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়।
ফারুকসহ বিএনপি কর্মীদের সঙ্গে ধস্তাধস্তিতে হারুণসহ দুই পুলিশ কর্মকর্তা আহত হন।
হাতে ব্যান্ডেজ মোড়ানো হারুণ সাংবাদিকদের বলেন, বারণ করা সত্ত্বেও বিএনপির সংসদ সদস্যরা বাস লক্ষ্য করে ইট ছোড়েন। এমনি ফারুক নিজেও ইট ছোড়েন।
"তাদের এ ধরনের কাজ না করার অনুরোধ জানানো হলে বিরোধীদলীয় প্রধান হুইপ আমাদের অকথ্য ভাষায় গাালাগালি করেন। এক পর্যায়ে আমার ওপর চড়াও হন তিনি। ধস্তাধস্তির এক পর্যায়ে তিনি পড়ে যান", বলেন তিনি।
ফারুক পড়ে গিয়ে আহত হতে পারেন বলে জানান পুলিশ কর্মকর্তা হারুণ।
সংসদ অধিবেশন চলাকালীন সংসদ ভবন এলাকায় ১৪৪ ধারা জারি থাকে। বর্তমানে নবম সংসদের নবম অধিবেশন চলাকালেই বিরোধী সংসদ সদস্যরা ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিলের চেষ্টা করেন বলে পুলিশ জানায়।
ফারুক দলীয় সংসদ সদস্যদের নিয়ে সংসদ ভবন এলাকায় থাকলেও দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেন্দ্রীয় নেতাদের নিয়ে নয়া পল্টনে দলীয় কার্যালয়ে অবস্থান নিয়েছেন।
পুলিশের বাধার কারণে সেখান থেকে কোনো মিছিল বের হতে পারেনি। কর্মীদের দলীয় কার্যালয়ের দিকে যেতেও দেওয়া হচ্ছে না। সকাল থেকে নয়া পল্টন থেকে পুলিশ কয়েকজন কর্মীকে গ্রেপ্তার করে।
মিছিলে বাধায় ক্ষোভ প্রকাশ করে ফখরুল সাংবাদিকদের বলেন, "আমরা এখানে অবরুদ্ধ হয়ে আছি। কাউকে দাঁড়াতেও দিচ্ছে না পুলিশ। মানুষের প্রতিবাদ জানানোর মৌলিক অধিকার টুকু পালন করতে দিচ্ছে না। খবর পাচ্ছি, বিভিন্ন জায়গা পুলিশ আমাদের নেতা-কর্মীদের গ্রেপ্তার করছে। এভাবে দমনপীড়ন করে আন্দোলন দমানো যাবে না।"
জনগণ স্বতস্ফূর্তভাবে হরতাল পালন করছে, বলেন তিনি।
মিরপুরে জামায়াতকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে তিন পুলিশ আহত হয়েছে। সাত জামায়াতকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মিরপুর থানার উপপরিদর্শক রাকিবুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সেনপাড়া পর্বতা এলাকায় আল-হেলাল হাসপাতালের সামনে সকাল সাড়ে ৬টার দিকে জামায়াতের ৩০-৩৫ জন কর্মী হরতালের সমর্থনে মিছিল বের করে।
রাস্তা অবরোধ করে মিছিল করায় পুলিশ মিছিলে বাধা দেয়। এসময় জামায়াতকর্মীরা ইট ছুড়লে পুলিশের পল্লবী জোনের সহকারী কমিশনার সিরাজ আমীন, কাফরুল থানার ওসি আব্দুল লতিফ ও মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক অশোক চৌহান আহত হন।
পরে পুলিশ লাঠিচার্জ করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। তখন সাত জামায়াতকর্মীকে গ্রেপ্তার করা হয়।
এরা হলেন- মো. মাহবুব কবীর, সিদ্দিকুর রহমান, আব্দুল হালিম ভুইয়া, রহম আলী, নিয়ামত উল্লাহ, বজলুল আলম ও মো. ইছহাক।
তাদের ভ্রাম্যমাণ আদালতে তোলা হবে বলে পুলিশ জানিয়েছে।
হরতালের আগের দিন রাজধানীর বিভিন্ন স্থানে অন্তত ১০টি গাড়িতে আগুন দেওয়া হয়। বাসে আগুন এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে আট জনকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সদরঘাট টার্মিনাল থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত বিভিন্ন গন্তব্যে পাঁচটি লঞ্চ ছেড়ে গেলেও যাত্রীর অভাবে একটি লঞ্চ ছাড়েনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসআই/কেটি/এআরআর/এমআই/০৯৩০ ঘ.
bdnews24