ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয়তাবাদী ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে গ্রেপ্তারের প্রতিবাদে শান্তিনগর এলাকায় মিছিল করেছে ছাত্রদলকর্মীরা।
মঙ্গলবার বিকালে এ মিছিল হয়। পুলিশের বাধায় কারণে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে কোনো মিছিল হয়নি।
ছাত্রদলের সহসভাপতি বজলুল করিম চৌধুরী আবেদ এবং যুগ্ম সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল ও আনোয়ার হোসেন টিপুর নেতৃত্বে শান্তিনগর এলাকায় দুপুর ৩টার দিকে এই মিছিল বের হয়। মিছিলে কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক জাভেদ হাসান স্বাধীন, সহ-পাঠাগার সম্পাদক আহমেদ সাইমুম, ঢাকা মহানগর দক্ষিণ যুগ্ম আহবায়ক খন্দকার এনামুল হক, তেজগাঁও কলেজ ছাত্রদল সভাপতি মিজানুর রহমান রাজসহ শতাধিক নেতা-কর্মী ছিলেন।
এদিকে ছাত্রদলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুলতান সালাউদ্দিন টুকুকে গ্রেপ্তারের নিন্দা জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত সভাপতি শহিদুল ইসলাম বাবুল ও সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম। তারা সভাপতিসহ গ্রেপ্তার নেতা-কর্মীদের মুক্তির দাবি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/১৮৪৪ ঘ.
bdnews24