২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তেল-গ্যাস রক্ষা কমিটি বিদেশি স্বার্থ দেখছে: টুকু

তেল-গ্যাস রক্ষা কমিটির হরতালের সমালোচনা করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন, নাগরিক এ সংগঠনটি বিদেশিদের 'স্বার্থ রক্ষা' করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2011, 08:25 AM

Updated : 24 Aug 2022, 03:29 PM

ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তেল-গ্যাস রক্ষা কমিটির হরতালের সমালোচনা করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন, নাগরিক এ সংগঠনটি বিদেশিদের 'স্বার্থ রক্ষা' করছে। রোববার সচিবালয়ে হরতালের সমালোচনা করার সময় সাংবাদিকদের এ কথা বলেন তিনি। একই দিনে হরতাল করার দিকে ইঙ্গিত করে চরমোনাই পীরের ইসলামী আন্দোলন ও বামপন্থী দল সমর্থিত তেল-গ্যাস রক্ষা কমিটির চিন্তাভাবনা অভিন্ন বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ নেতা টুকু। সাগরের দুটি ব্লকে গ্যাস অনুসন্ধানে গত মাসে যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি কনকো-ফিলিপসের সঙ্গে চুক্তি করে সরকার। এতে দেশের স্বার্থ রক্ষা হয়নি দাবি করে ঢাকায় রোববার আধাবেলা হরতাল ডাকে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। হরতালে রাজধানীবাসীর সাড়া মেলেনি বলেই দাবি করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, "বিদেশি প্রভুদের খুশি করার জন্য তারা অযৌক্তিক ও অন্তঃসারশূন্য দাবিতে হরতালের ডাক দিয়েছে। ঢাকায় সব দোকানপাট খোলা ছিলো এবং জীবনযাত্রাও স্বাভাবিক ছিলো।" তেল-গ্যাস রক্ষা কমিটির বিষয়ে জাতিকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী টুকু বলেন, তারা হরতালসহ নানা কর্মসূচি দিয়ে দেশের উন্নয়নে বাধা সৃষ্টি করতে চাচ্ছে। তেল-গ্যাস রক্ষা কমিটি আগে হরতাল ডাকলেও সংবিধান সংশোধনের বিরোধিতা করে ইসলামী আন্দোলন পরে একই দিন হরতাল ডাকে। প্রতিমন্ত্রী বলেন, "ইসলামী আন্দোলনের কাছে যেমন ইসলাম নিরাপদ নয়, তেমনি জাতীয় কমিটির অর্থাৎ আনু মুহাম্মদের কাছে দেশের খনিজ সম্পদও নিরাপদ নয়।" তারেক-কোকোকে রক্ষা করতেই বিএনপির কর্মসূচি খালেদা জিয়ার দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোকে রক্ষা করতে বিরোধী দল হরতালসহ নানা হুমকি দিচ্ছে বলে দাবি করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, "তারেক ও কোকোর বিরুদ্ধে এ সরকার মামলা করেনি। দেশের বাইরে থেকেই এ মামলা হয়ে এসেছে। তারেক বা কোকো সে যেই হোক, তাদের আইনের মুখোমুখি হতে হবে।" সংবিধান সংশোধনের বিষয়ে বিরোধী দলকে সংসদে গিয়ে প্রস্তাব তুলে ধরার আহ্বান জানান তিনি। কোকোর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা অর্থপাচার মামলায় সাজাপ্রাপ্ত আরাফাত রহমান কোকোকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে ইন্টারপোল বা অন্য কোনো সংস্থার সাহায্যে নেওয়া হবে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অর্থপাচারের মামলায় কোকোকে গত মাসে ছয় বছরের সাজা দেয় আদালত। খালেদার ছেলে জরুরি অবস্থার সময় গ্রেপ্তার এবং পরে সরকারের নির্বাহী আদেশে মুক্তি পেয়ে থাইল্যান্ড যান। তবে তিনি এখন মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছেন বলে সংবাদপত্রে খবর প্রকাশ হয়েছে, যদিও এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/১৪২০ ঘ.