২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্দরকিল্লায় ইসলামী আন্দোলনের প্রতিবাদ-সমাবেশ

নগরীর লালদীঘির মাঠে সমাবেশের অনুমতি না পেয়ে শুক্রবার আন্দরকিল্লা এলাকায় সড়ক বন্ধ করে প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2011, 05:01 PM

Updated : 24 Aug 2022, 03:27 PM

চট্টগ্রাম, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর লালদীঘির মাঠে সমাবেশের অনুমতি না পেয়ে শুক্রবার আন্দরকিল্লা এলাকায় সড়ক বন্ধ করে প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সমাবেশের কারণে নগরীর জামালখান, সিরাজউদ্দৌলা রোড ও আশপাশের এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। জুমার নামাজের পর আন্দরকিল্লা চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। লালদীঘি মাঠে বিভাগীয় সমাবেশের অনুমতি না দেওয়ার প্রতিবাদে এ সমাবেশ করা হয় বলে সংগঠনটির নেতারা জানান। সমাবেশ শুরুর আগে দুপুর একটা থেকে সড়কে অবস্থান নেন ইসলামী আন্দোলনের নেতা-কর্মী ও সমর্থকরা। এতে জামালখান, সিরাজুদ্দৌলা, আন্দরকিল্লা বকশিরহাট সড়ক এবং নজির আহম্মদ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েন পথচারী ও যাত্রীরা। দুপুর ২ টায় সমাবেশ শুরু হয়ে বিকাল সাড়ে তিনটায় শেষ হয়। সমাবেশ চলাকালে পুলিশ ওই সংগঠনের নেতাকর্মীদের ঘিরে রাখে। সংবিধানে 'আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস' কথাটি না রাখার প্রতিবাদে শুক্রবার বিকালে লালদীঘি মাঠে বিভাগীয় সমাবেশের ডাক দিয়েছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। একই স্থানে আওয়ামী ওলামা লীগ যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে জনসভার ঘোষণা দেয়। এ পরিস্থিতিতে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) লালদীঘি মাঠে সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। বৃহস্পতিবার বিকালে সিএমপি'র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করায় লালদীঘি মাঠে সভা-সমাবেশ করতে কাউকেই অনুমতি দেওয়া হয় নি। ইসলামী আন্দোলন বাংলাদেশের চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক জান্নাতুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মো. রেজাউল করিম। চরমোনাই পীর বলেন, "সংবিধান থেকে 'আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস' কথাটি বাদ দিয়ে শেখ হাসিনার সরকার নিজের পতন ডেকে এনেছে।" ১০ জুলাইয়ের হরতাল সফল করার জন্যও নেতা-কর্মীদের আহ্বান জানান রেজাউল করিম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/এইচএ/২২৫০ ঘ.