২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংবিধান সংশোধনে ড. কামালের মিশ্র প্রতিক্রিয়া

সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্তিতে উদ্বেগ প্রকাশ করলেও '৭২-র সংবিধানের কিছু মৌলিক ও গুরুত্বপূর্ণ বিষয় ফিরিয়ে আনাকে স্বাগত জানিয়েছেন ড. কামাল হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2011, 12:35 PM

Updated : 24 Aug 2022, 03:27 PM

ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্তিতে উদ্বেগ প্রকাশ করলেও '৭২-র সংবিধানের কিছু মৌলিক ও গুরুত্বপূর্ণ বিষয় ফিরিয়ে আনাকে স্বাগত জানিয়েছেন ড. কামাল হোসেন। বৃহস্পতিবার সংবিধানের পঞ্চদশ সংশোধনী সংসদে পাস হওয়ার পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। ড. কামাল বলেন, অসাংবিধানিক পন্থায় '৭২-এর সংবিধানের অনেক মৌলিক ও গুরুত্বপূর্ণ বিষয় বাদ দেওয়া হয়েছিলো। যার কিছু কিছু আবার আদালতের রায়ের মাধ্যমে ফিরে এসেছে। আজ সেটাকে আনুষ্ঠানিকভাবে সংবিধানে অন্তর্ভুক্ত করা হলো। আমি এটাকে স্বাগত জানাই। "সঙ্গে সঙ্গে সংবিধানে কিছু বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে যা উদ্বেগের কারণ।" সংশোধন করে ১৯৭২ সালে প্রণীত সংবিধানের প্রস্তাবনায় 'বিসমিল্লাহির রহমানির রহিম', 'দয়াময়, পরম দয়ালু, আল্লাহের নামে' ও 'সর্বশক্তিমান আল্লাহের উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস'- এই শব্দগুলো যোগ করা হয়। ১৯৭৭ সালে জেনারেল জিয়াউর রহমান এক সামরিক আদেশে এসব পরিবর্তন করেন। পঞ্চদশ সংশোধনীর মধ্য দিয়ে অবসান ঘটলো তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির, যা না মানার ঘোষণা দিয়ে আসছে বিরোধী দল। বিভিন্ন মহলের সমালোচনা থাকলেও সংবিধানে বহাল থাকছে রাষ্ট্রধর্ম ইসলাম ও বিছমিল্লাহ। ড. কামাল বলেন, "যেমন আমাদের সংবিধানে বিধান ছিলো, একটা সরকারের আয়ু শেষ হয়ে যাওয়ার পর অন্য একটি সরকার ক্ষমতা নেওয়ার পর একটি নির্দলীয় নিরপেক্ষ সরকার ক্ষমতায় থাকবে, নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে। যাতে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করা যায়। এখন যেটা দেখা যাচ্ছে, নির্দলীয় নিরপেক্ষ সরকারের স্থলে দলীয় সরকারকে নিয়ে আসা হয়েছে বা নির্দলীয় সরকারকে বাদ দেওয়া হয়েছে। এটা উদ্বেগের কারণ।" তিনি মনে করেন পঞ্চদশ সংবিধান সংশোধন বিলে রাষ্ট্রপতি স্বাক্ষর নাও করতে পারেন। স্ব-বিরোধী কিছু কিছু বিষয় সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, "'৭২-এর সংবিধানে উল্লেখ ছিলো- ধর্মকে রাজনীতিতে আনা যাবে না। রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হবে না। পঞ্চম সংশোধনী বাতিল হওয়ার পর যা বাতিল হয়ে গিয়েছিলো এখন সেই বিষয়গুলো চলে এসেছে যা স্ববিরোধী।" '৭২-এর সংবিধানের প্রণেতাদের অন্যতম ছিলেন ড. কামাল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএল/পিডি/১৮৩০ ঘ.