ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধানে 'আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস' কথাটি অবিকৃতভাবে না রাখার প্রতিবাদে আগামী ১০ জুলাই সকাল ৬টা থেকে ৩০ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপির রাজনৈতিক মিত্র হিসেবে পরিচিত ১২টি দল।
পঞ্চদশ সংবিধান সংশোধন বিল পাস হওয়ার পর বৃহস্পতিবার বিকালে রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র নায়েবে আমির আব্দুর রব ইফসুফী।
কর্মসূচি ঘোষণার সময় অন্য ১১টি দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
দলগুলো হলো- ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি), ইসলামী ঐক্য আন্দোলন, বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ ন্যাপ, ন্যাপ- ভাসানী, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), ইসলামিক পার্টি ও নেজামে ইসলাম পার্টি।
সংশোধিত সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম এবং শুরুতে বিসমিল্লাহ রাখা হয়েছে। তবে এর সঙ্গে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনস্থাপনের দাবি জানিয়েছে এ ১২টি দল।
ইসলামী দলগুলোর এ নিয়ে আপত্তির জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিল পাসের পর সংসদে বলেন, "বলা হচ্ছে- আল্লাহর নাম বাদ দেওয়া হয়েছে। এগুলো কেন বলা হচ্ছে- তা বোধগম্য নয়। আল্লাহর নাম ও বিসমিল্লাহির রাহমানির রহিম সংবিধান থেকে বাদ দেওয়া হয়নি।"
আব্দুর রব ইউসুফী বলেন, "ক্ষমতাসীন আওয়ামী লীগের সরকারের অধিকাংশ কর্মকাণ্ড ইসলামবিরোধী। তারা আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস তুলে ঈমান ধ্বংস করতে চায়।"
সংবিধানের মূলনীতি থেকে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস শব্দবন্ধ তুলে সেখানে দেশের প্রথম সংবিধান অনুযায়ী ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র স্থাপন করায় ১০ জুলাই সকাল ৬টা থেকে ১১ জুলাই দুপুর ১২টা পর্যন্ত হরতাল ডাকা হয়েছে বলে জানান তিনি।
সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের যুগ্ম-মহাসচিব খলিলুর রহমান মাদানী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বর্তমান সরকার দেশ থেকে ইসলাম ধর্মকে বিতাড়িত করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। তারই অংশ হিসেবে সংবিধান সংশোধন থেকে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস কথাটি বাদ দেওয়া হয়েছে।"
এ কর্মসূচি দেওয়া দলগুলোর অন্যতম চরমোনাই পীর নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বুধবার একই দাবিতে আগামী ১০ জুলাই দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচির ঘোষণা দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/আরএ/এমআই/১৭১০ ঘ.
bdnews24