ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাগরে গ্যাস অনুসন্ধানে কনকো-ফিলিপসের সঙ্গে চুক্তি বাতিলের দাবি জানিয়েছেন রাশেদ খান মেনন। তিনি আশা করছেন, রপ্তানির বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অতীতের মতোই সাহসী ভূমিকা রাখবেন।
সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় ক্ষমতাসীন জোটের শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি মেনন বলেন, "আগের বার প্রধানমন্ত্রী থাকাকালে শেখ হাসিনা প্রেসিডেন্ট বিল ক্লিনটনকে বলেছিলেন, বাংলাদেশে ৫০ বছরের গ্যাস মজুদ রেখে তারপর রপ্তানি করার বিষয় বিবেচনা করা যেতে পারে। প্রধানমন্ত্রী এখন সেই কথা ভুলে গেছেন। আশা করি প্রধানমন্ত্রী আবারো সেই সাহসিকতার প্রমাণ দেবেন।"
আওয়ামী লীগ প্রধান হাসিনাও বিভিন্ন জনসভায় বলেছিলেন, গ্যাস রপ্তানিতে রাজি না হওয়ায় ২০০১ সালে তার দল ক্ষমতায় যেতে পারেনি।
কনকো-ফিলিপসের সঙ্গে চুক্তিতে রপ্তানির সুযোগ করে দেওয়া হয়েছে দাবি করে এর বিরোধিতা করছে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।
বামপন্থী দলগুলোর নেতৃত্বাধীন এ নাগরিক কমিটিতে আওয়ামী লীগের এখনকার মিত্র দল ওয়ার্কার্স পার্টিও রয়েছে। মেনন বলেন, এ চুক্তি বাতিলের দাবি শুধু বামপন্থীদের নয়, জনগণের।
"রোববার সংসদে জ্বালানি প্রতিমন্ত্রী বলেছেন, দৈনিক সরবরাহে গ্যাসের ঘাটতি রয়েছে ৫০০ মিলিয়ন ঘনফুট। এ অবস্থায় গ্যাস রপ্তানির চুক্তি কেন করা হবে", প্রশ্ন করেন ওয়ার্কার্স পার্টির সভাপতি।
কানাডীয় কোম্পানি নাইকোর কাছ থেকে বিএনপি-জামায়াত জোট সরকারের প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেনের ঘুষ নেওয়ার বিষয়টি তদন্ত করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
মহাজোটের অন্য শরিক জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেন, "গত ৪০ বছরেও আমরা একটি সমন্বিত জ্বালানি নীতি তৈরি করতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা। অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা করে জ্বালানি খাতকে আরো প্রাধান্য দেওয়া উচিত।"
জ্বালানি খাতের দুর্নীতি বন্ধে সংসদে উত্থাপিত 'তেল-গ্যাস, খনিজস
bdnews24