২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থী নিখোঁজ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার নয়াপাড়া ইউপি নির্বাচনে পরাজিত এক চেয়ারম্যান পদপ্রার্থী আদম খাঁ নিখোঁজ রয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2011, 12:06 PM

Updated : 24 Aug 2022, 03:26 PM

হবিগঞ্জ, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জের মাধবপুর উপজেলার নয়াপাড়া ইউপি নির্বাচনে পরাজিত এক চেয়ারম্যান পদপ্রার্থী আদম খাঁ নিখোঁজ রয়েছেন। রোববার রাত থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন। আদম খাঁ'র শ্যালক সাইফুর রহমান সাংবাদিকদের জানান, রোববার রাত সাড়ে ৯টার দিকে নয়াপাড়া বাজার থেকে ১০/১২ জন সঙ্গীসহ তিনি নারায়ণখোলায় বাড়ি ফিরছিলেন। পথে পরিচিত কেউ একজন মোবাইল ফোনে আদম খাঁকে ঢাকা-সিলেট মহাসড়কের সাহেব বাড়ি এলাকায় যেতে বলে। আদম খাঁ তখন সঙ্গীদের দশ মিনিট দাঁড়াতে বলে একটি রিকশা নিয়ে সেখানে যান। এরপর সঙ্গীরা সেখানে প্রায় আধাঘণ্টা অপেক্ষা করে। তারপরও আদম খাঁ ফিরে না আসায় ফোন করলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। তখন থেকেই তিনি নিখোঁজ রয়েছেন বলে জানান সাইফুর। শনিবার নয়াপাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে সৈয়দ মো. আলমগীর চেয়ারম্যান নির্বাচিত হন। আদম খাঁ ছিলেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী। মাধবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইয়াছিনুল হক বিকাল ৫টায় জানান, "এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। ঘটনাটি শুনেছি।" পুলিশ বিষয়টি পর্যবেক্ষণ করছে বলে জানান এসআই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৭৫৪ ঘ.