শেরপুর, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নে নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনায় ওই ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুর রউফ সরকারকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ তাকে গ্রেপ্তার করে।
শেরপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান জানান, কাংশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী মো. আনার উল্লাহ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ৪টি মোটর সাইকেলে তার সমর্থকদের নিয়ে ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যান।
এসময় ওই ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মো. আব্দুর রউফ সরকার তার ২৫/৩০জন সমর্থককে নিয়ে আনার উল্লাহর ওপর হামলা চালায়। এতে আনার উল্লাহসহ ৭জন আহত হয়।
এদের মধ্যে আনার উল্লার সমর্থক বাকাকুড়া গ্রামের মৃত হামিদ মুন্সীর ছেলে আমজাদ আলীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আমজাদ আলী বাদী হয়ে ১৭ জনের নামোল্লেখ করে এবং অজ্ঞাত ১৫/২০ জনের বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় একটি মামলা দায়ের করেন।
এই মামলায় ঝিনাইগাতী থানা পুলিশ আব্দুর রউফ সরকারকে গ্রেপ্তার করে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে বলে ঝিনাইগাতী থানার ওসি আব্দুর রব প্রধান জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২০৫০ ঘ.
bdnews24