ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুনের অর্থপাচার মামলায় আগামী ৩ জুলাই শুনানির তারিখ ধার্য রয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
বৃহস্পতিবার জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তরে এ তথ্য জানান তিনি।
সাংসদ মোশতাক আহমেদ রুহীর লিখিত প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী জানান, তারেক রহমান ও গিয়াস উদ্দিন আল মামুনের বিরুদ্ধে সিঙ্গাপুরে ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার আটশ ৪৩ টাকা পাচারের অভিযোগে ক্যান্টনমেন্ট মামলা হয়েছে। এর অভিযোগ আমলে নেওয়ার শুনানি তারিখ আগামী ৩ জুলাই ধার্য রয়েছে।
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান দলটির চেয়ারপার্সন খালেদা জিয়ার ছোট ছেলে। তারেক ও তার ব্যবসায়িক অংশীদার মামুনের বিরুদ্ধে ২০০৯ সালের ২৬ অক্টোবর ক্যান্টনমেন্ট থানায় অর্থপাচারের অভিযোগে মামলা করে দুর্নীতি দমন কমিশন।
২০০৭ সালের ১১ জানুয়ারি দেশে জরুরি অবস্থা জারির পর ওই বছরের ৭ মার্চ তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়। সুপ্রিম কোট থেকে জামিন নিয়ে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর তিনি চিকিৎসার জন্য লন্ডনে যান। তখন থেকে তিনি সেখানে অবস্থান করছেন।
মতিয়া চৌধুরী সংসদ কার্যে মন্ত্রি পরিষদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী।
বিকালে স্পিকার আদুল হামিদের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।
অর্থপাচারের আরেকটি মামলায় বৃহস্পতিবার বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বড় ছেলে আরাফাত রহমান কোকোকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছে ঢাকার জজ আদালত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২০২২ ঘ.
bdnews24