২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়া ট্রাস্ট মামলার অভিযোগ গঠনের শুনানি মুলতবি

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানসহ ছয় আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৩ অগাস্ট পর্যন্ত মুলতবি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2011, 12:59 PM

Updated : 24 Aug 2022, 03:23 PM

ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানসহ ছয় আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৩ অগাস্ট পর্যন্ত মুলতবি হয়েছে। বৃহস্পতিবার আসামি পক্ষের আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মোজাম্মেল হক এ শুনানি মুলতবি করেন। খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী সানাউল্লাহ মিয়া আদালতকে জানান, এ মামলা নিয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। তা নিষ্পত্তি না হওয়ায় সময় প্রয়োজন। তারেক রহমান দেশের বাইরে থাকায় তার আইনজীবী আদালতে হাজিরা দাখিল করেন। ২০০৯ সালের ২৬ অক্টোবর ক্যান্টনমেন্ট থানায় তারেক রহমান ও তার ব্যবাসিয়ক অংশীদার গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে মুদ্রাপাচারের অভিযোগে মামলা করে দুর্নীতি দমন কমিশন। ২০০৭ সালের ১১ জানুয়ারি দেশে জরুরি অবস্থা জারির পর ওই বছরের ৭ মার্চ তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়। সুপ্রিম কোট থেকে জামিন নিয়ে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর তিনি চিকিৎসার জন্য লন্ডনে যান। তখন থেকে তিনি সেখানে অবস্থান করছেন। জামিনপ্রাপ্ত আসামি মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ আদালতে হাজির ছিলেন। আসামি ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমান পলাতক রয়েছেন। এতিমদের সহায়তা করার উদ্দেশ্যে একটি বিদেশ থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ছয়শ ৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগে দুর্নীতি দমন কমিশন ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় এ মামলা দায়ের করে। মামলাটি তদন্ত করে দুদকের সহকারী পরিচালক হারুনার রশীদ খালেদা জিয়া, তারেক রহমানসহ আরো চারজনকে অভিযুক্ত করে গত ৫ অগাস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আসামি পক্ষে মামলার শুনানি করেন অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার, তাহেরুল ইসলাম তৌহিদ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/পিডি/১৮৫৩ ঘ.