২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনে সরকারের সব 'কৌশল' হবে গুড়েবালি: মওদুদ

আগামী নির্বাচনে সরকারের কোনো 'কৌশল' কাজে আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা মওদুদ আহমদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2011, 01:18 PM

Updated : 24 Aug 2022, 03:21 PM

ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী নির্বাচনে সরকারের কোনো 'কৌশল' কাজে আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা মওদুদ আহমদ। সোমবার বিকালে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। দলের স্থায়ী কমিটির এই সদস্য বলেন, "আগামী নির্বাচনে হেরে যাবে বলে সরকার নানা কৌশল করছে। কিন্তু এসব কৌশল হবে গুড়েবালি।" জাতীয় প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে জাতীয়তাবাদী সমাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা 'আগ্রাসনের কবলে বাংলাদেশের সংস্কৃতি ও বিপন্ন মানবতা' শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে। সাবেক আইনমন্ত্রী মওদুদ অভিযোগ করেন, জাতীয় স্বার্থ বিকিয়ে দিয়ে সরকার ভারতকে ট্রানজিট দিয়েছে। কঠিন শর্তে ঋণ নিয়েছে। এভাবে বৃহৎ রাষ্ট্র হিসেবে ভারত বাংলাদেশের ওপর আগ্রাসন চালাচ্ছে। তিনি সরকারের পররাষ্ট্রনীতির সমালোচনা করে বলেন, '৯৬ সালের চেয়েও 'নতজানু' পররাষ্ট্র নীতি নিয়ে এবার চলছে আওয়ামী লীগ সরকার। ক্ষুদ্র রাষ্ট্র হিসেবে বাংলাদেশের নিরাপত্তা আজ হুমকির মুখে। বিএনপির এই জ্যেষ্ঠ সাংসদ বলেন, "ভারতের জনগণের সঙ্গে বাংলাদেশের জনগণের কোনো বিরোধ নেই। আমরা ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই। তবে জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে নয়।'' দেশের জন-প্রশাসন ও বিচার বিভাগে 'দলীয়করণের' অভিযোগ আবারো তুলে সরকারের কর্মকাণ্ডেরও সমালোচনা করেন মওদুদ। বিশ্ববিদ্যালয় শাখার আহবায়ক সালাহউদ্দিন শাহিনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, জাসাস সাধারণ সম্পাদক শিল্পী মুনীর খান, শিল্পী রিজিয়া পারভিন প্রমুখ বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৯০৭ ঘ.