নীলফামারী, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নয়টি ইউনিয়নের পাঁচটিতে বিএনপি সমর্থক প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। দুইটিতে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থক প্রার্থী। বাকি দুইটিতে নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির (জাপা) সমর্থক।
রোববার ভোটগ্রহণ শেষে গভীর রাতে ফল ঘোষণা করা হয় বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউদ্দীন।
বিএনপি সমর্থক চেয়ারম্যানরা হলেন- কিশোরগঞ্জ সদর ইউনিয়নে আসাদুর রহমান বাবুল, মাগুড়া ইউনিয়নে মোজাহার হোসেন, নিতাই ইউনিয়নে শরিফুল আলম, চাঁদখানায় আইয়ুব হোসেন খান এবং বাহাগিলিতে আতাউর রহমান শাহ।
আওয়ামী লীগ সমর্থক দুই চেয়ারম্যান হলেন- গাড়াগ্রামে বিপ্লব কুমার সরকার ও বিশিয়া ইউনিয়নে আব্দুল মান্নান।
জাতীয় পার্টি সমর্থক দুই চেয়ারম্যান হলেন- বড়ভিটায় ফজলার রহমান ও পুটিমারীতে আবু সায়েম।
গত ৩১ মে থেকে এ ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় দফা ভোটগ্রহণ শুরু হয়েছে। আগামী ৫ জুলাই পর্যন্ত ৫৭টি জেলার ৪১৪ উপজেলার ৩ হাজার ৮১৩টি ইউনিয়নে এ নির্বাচন হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/আরএ/১৭৪০ ঘ.
bdnews24