২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির ১৩ নেতাকর্মীর জামিন

হরতালে ভাঙচুর, বিশৃঙ্খলা ও ককটেল বিস্ফোরণের অভিযোগে দায়ের করা তিন মামলায় বিএনপির ১৩ নেতাকর্মীর চার সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2011, 10:32 AM

Updated : 24 Aug 2022, 03:22 PM

ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালে ভাঙচুর, বিশৃঙ্খলা ও ককটেল বিস্ফোরণের অভিযোগে দায়ের করা তিন মামলায় বিএনপির ১৩ নেতাকর্মীর চার সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেছে হাইকোর্ট। সোমবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম ও বিচারপতি এএনএম বশিরুল্লাহের বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন ব্যরিস্টার মওদুদ আহমেদ ও ব্যরিস্টার আনোয়ারুল ইসলাম শাহিন। সরকারপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ রায়। পরে ব্যরিস্টার শাহিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১২ জুন ধানমণ্ডি থানায় দায়ের করা একটি মামলায় বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি এমপি, যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরব ও ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু জামিন পেয়েছেন। হরতালে বিশৃঙ্খলার অভিযোগে আট জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছিলো। এ ছাড়া ছাত্রলীগের সমাবেশে অদূরে ককটেল বিস্ফোরণের অভিযোগে একইদিন শাহবাগ থানায় দায়ের করা অপর মামলার চার আসামির মধ্যে টুকুকে জামিন দেওয়া হয়েছে। বিশৃঙ্খলার অভিযোগে তৃতীয় মামলাটি ১১ জুন রমনা থানায় দায়ের করে পুলিশ। এই মামলায় স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবুন্নবী খান সোহেল ও ছাত্রদল সভাপতি টুকুসহ ১১ আসামির সবাই চার সপ্তাহের জন্য জামিন পেয়েছেন বলেও জানান ব্যরিস্টার শাহিন। গত ১২ ও ১৩ জুন টানা ৩৬ ঘণ্টার হরতাল পালন করে বিএনপি ও জামায়াতে ইসলামী। হরতাল ও আগের দিন গাড়ি ভাঙচুর, পুলিশের কর্তব্য কাজে বাধা দেওয়া ও বিশৃঙ্খলার অভিযোগে রাজধানীতে বেশকটি মামলা করে পুলিশ। একই সঙ্গে ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিক বিচারে রাজধানীতে অন্তত দেড়শ' জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়। অবশ্য বিএনপির দাবি, এ সংখ্যা তিনশ' জনের মতো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএল/১৬৩০ ঘ.