ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাখার দাবিতে বিএনপি আন্দোলন চালিয়ে যাবে উল্লেখ করে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শনিবার নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।
শুক্রবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর মির্জা ফখরুল বলেন, "আমাদের নেত্রী বলে দিয়েছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের অপচেষ্টার বিরুদ্ধে আন্দোলন অব্যাহত থাকবে। আন্দোলনের পরবর্তী কর্মসূচি কাল (শনিবার) জানানো হবে।"
এর আগে গত ১২ ও ১৩ জুন একই দাবিতে হরতাল এবং 'পুলিশি নির্যাতনের' প্রতিবাদে ১৫ ও ১৬ জুন বিক্ষোভ কর্মসূচি পালন করে বিএনপি ও তাদের শরিক দল জামায়াতে ইসলামী।
শুক্রবার সকাল ১১ টার দিকে বিএনপির সহসভাপতি আলতাফ হোসেন চৌধুরী, হাফিজ উদ্দিন আহমেদসহ কারামুক্ত নেতা-কর্মীদের নিয়ে জিয়ার কবরে ফুল দেন মির্জা ফখরুল ইসলাম। এ সময় এই প্রয়াত নেতার আত্মার মাগফেরাত চেয়ে মোনাজাত করেন তারা। দলের যুগ্ম মহাসচিব আমানউল্লা আমান ও যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালও এ সময় উপস্থিত ছিলেন।
১২ ও ১৩ জুন হরতাল চলাকালে বিএনপির সহসভাপতি আলতাফ হোসেন চৌধুরী, হাফিজ উদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা জহুরুল ইসলাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, প্রকাশনা বিষয়ক সম্পাদক হারুন অর রশীদ, কেন্দ্রীয় নেতা আবেদ রাজাসহ বেশ কয়েকজন নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তারা জামিনে মুক্তি পান।
শ্রদ্ধা নিবেদন শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, "শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মসূচি করতেও পুলিশ বাধা দিচ্ছে। তারা আমাদের অনেক নেতা-কর্মীকে গ্রেপ্তার ও মিথ্যা মামলা দিয়েছে। সরকার বিরোধী দলকে দমনের জন্য নির্যাতনের পথ বেছে নিয়েছে।"
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জনগণের দাবি উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, "আমরা মনে করি, প্রধানমন্ত্রী ও তার সরকার এই দাবির কাছে নতি স্বীকার করতে বাধ্য হবেন।"
গত ৮ জুন বিরোধী দলের অনুপস্থিতিতেই জাতীয় সংসদে প্রতিবেদন জমা দেয় সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটি। এতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলুপ্তিসহ মোট ৫১টি সুপারিশ করা হয়।
এর আগে বিশেষ কমিটি সংবিধান সংশোধনের বিষয়ে মতামত জানার জন্য ডাকলেও বিএনপি তাতে অংশ নেয়নি।
সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে বিএনপির নতুন কোনো 'ফর্মুলা' থাকলে তারা এ বিষয়ে সংসদে এসে কথা বলতে পারে। তবে আদালতের রায় মেনেই তাদের আলোচনায় বসতে হবে।
এ বিষয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের যে বিধান আছে তা বহাল রাখলে বিএনপি আলোচনায় বসতে রাজি আছে।
এদিকে শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সমানে জিয়া বিগ্রেডের উদ্যোগে এক মানববন্ধন কমসূচিতে বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক বলেন, "তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাতেই আগামী জাতীয় নির্বাচন হতে হবে। এ ব্যবস্থার বাইরে দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নেবে না বিএনপি।"
সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, "তত্ত্বাবধায়ক সরকার বাতিলের পথ থেকে সরে আসুন। জনগণ আপনাদের এ উদ্যোগ মানবে না। এর জন্য প্রয়োজনে লাগাতার কর্মসূচি দেওয়া হবে।"
অন্যদের মধ্যে জাতীয় গণতান্ত্রিক পার্টির শফিউল আলম প্রধান, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এ সময় বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৩৪৮ ঘ.
bdnews24