২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণমাধ্যমকে আরো কার্যকর ভূমিকা রাখার আহ্বান

স্থানীয় সরকারকে শক্তিশালী করতে গণমাধ্যমগুলোকে আরো কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2011, 10:04 AM

Updated : 24 Aug 2022, 03:19 PM

ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থানীয় সরকারকে শক্তিশালী করতে গণমাধ্যমগুলোকে আরো কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে রাজনীতি ও অপরাধমূলক সংবাদের পাশাপাশি তৃণমূল জনগণের মতামতকেও সমানভাবে গণমাধ্যমে গুরুত্ব দেওয়ার পক্ষে মত দিয়েছেন তারা। বুধবার জাতীয় প্রেসক্লাবে স্থানীয় সরকার শক্তিশালীকরণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনারে বক্তারা এ মত দেন। সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশন (এসডিসি) এর সহায়তায় এ সেমিনারের আয়োজন করে বেসরকারি গণমাধ্যম সংস্থা মাস লাইন মিডিয়া সেন্টার (এমএমসি)। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গোলাম রহমান সেমিনারে বলেন, প্রশাসন, সংসদ এবং রাজনীতিবিদরা স্থানীয় সরকারের ব্যাপারে উদাসীন। নতুন প্রযুক্তি ব্যবহার করে ইলেক্ট্রনিক মাধ্যমের সঙ্গে জনগণকে আরো সম্পৃক্ত করার দাবি জানান তিনি। ঢাবি সাংবাদিকতা বিভাগের আরেক শিক্ষক এসএম শামীম রেজা বলেন, স্থানীয় সরকারের কাজ সম্পর্কে জনগণ অবহিত নয়। স্থানীয় সরকার নিয়ে গণমাধ্যমেও খুব বেশি প্রতিবেদন প্রকাশিত হয় না। তিনি বলেন, স্থানীয় সরকার সম্পর্কে জনগণকে অবহিত করতে কমিউনিটি রেডিও ভূমিকা রাখতে পারে। যারা বলতে এবং লিখতে জানেন না তাদেরকেও গণমাধ্যমের সঙ্গে সম্পৃক্তকরণের আহ্বান জানান এই শিক্ষক। জাতীয় ইস্যু নিয়ে গণমাধ্যমগুলো কাজ করলেও স্থানীয় পর্যায়ের ইস্যুগুলো গণমাধ্যমে জায়গা পায় না বলে অভিযোগ করেন তিনি। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মকবুল আহমেদ বলেন, গণমাধ্যম সরকারকে কাজ করাতে বাধ্য করতে না পারলেও গঠনমূলক সমালোচনা করে বিভিন্ন পদক্ষেপ নিতে বাধ্য করতে পারে। এক্ষেত্রে বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোকে টেরিস্টোরিয়াল সুবিধা দেওয়ার দাবি জানান তিনি। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে অন্যদের মধ্যে স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রহমত আলী, ইউএনডিপির স্থানীয় সরকার উপদেষ্টা তোফায়েল আহমেদ ও এসডিসির সিনিয়র প্রোগ্রাম অফিসার সোহেল ইবনে আলী বক্তব্য রাখেন। সেমিনার সঞ্চালনা করেন এমএমসির নির্বাহী পরিচালক কামরুল হাসান মঞ্জু। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/কেএমএস/১৬০৯ ঘ.