ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে 'অরাজকতা সৃষ্টির' জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে সরকারই খাল কেটে কুমির আনার ষড়যন্ত্র করছে বলে পাল্টা অভিযোগ করেছেন বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক।
বুধবার সকালে এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এই অভিযোগ করেন।
ফারুক বলেন, "প্রধানমন্ত্রী গতকাল (মঙ্গলবার) বিরোধী দলীয় নেতার উদ্দেশে বলেছেন, খাল কেটে কুমির আনবেন না। বিএনপি কখনো এমন কাজ করে নাই। বরং সরকারই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দলীয় সরকারের অধীনে নির্বাচনের ষড়যন্ত্র করছে। দেশে এক অরাজকতা সৃষ্টি করে সরকারই খাল কেটে কুমির আনতে চাচ্ছে।''
এ রকম কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
হরতালের সময় 'পুলিশি নির্যাতনে'র প্রতিবাদে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
মঙ্গলবার এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলীয় নেতার উদ্দেশে বলেন, "তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে কোনো ফর্মুলা থাকলে তা সংসদে এসে উপস্থাপন করুন। আমরা নির্বাচিত প্রতিনিধিরা আলোচনা করে সমস্যার সমাধান করব। কিন্তু খাল কেটে কুিমর আনার সুযোগ করে দেব না।"
সরকার সংসদকে অকার্যকর করে ফেলছে অভিযোগ করে ফারুক বলেন, বিচার বিভাগ দলীয়করণের কারণে জনগণ ন্যায়বিচার পাচ্ছে না। সাংবিধানিক কোনো প্রতিষ্ঠানই স্বাধীনভাবে কাজ করতে পারছে না।"
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল- সরকারের ষড়যন্ত্রেরই অংশ বলেও মন্তব্য করেন জয়নুল আবদিন।
তিনি বলেন, "দেশের মানুষ সরকারের নীল নকশার ষড়যন্ত্র বুঝে গেছে। খালেদা জিয়ার নেতৃত্বে দেশের মানুষ এখন ঐক্যবদ্ধ রয়েছে। আন্দোলনের মাধ্যমে জনগণ এর জবাব দেবে।"
হরতালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়ার সমালোচনা করেন ফারুক।
অন্যদের মধ্যে জাগপা সভাপতি শফিউল আলম প্রধান ও সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/জেকে/০১৩০ ঘ.
bdnews24