২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে নির্বাচনোত্তর সহিংসতায় আহত ২৫, গ্রেপ্তার ৬

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী ও পরাজিত দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ২৫ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2011, 03:54 PM

Updated : 24 Aug 2022, 03:18 PM

গোপালগঞ্জ, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী ও পরাজিত দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ২৫ জন আহত হয়েছে। পুলিশ ৬ জনকে গ্রেপ্তার করেছে। সোমবার দুপুর আড়াইটা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার দুপুর ১২টার দিকে বিজয়ী সদস্য প্রার্থী জাকির মোল্লার সমর্থক সিদ্দিক মুন্সী ভাটিয়াপাড়া মোড়ে পরাজিত প্রার্থী নূর ইসলামকে দেখে ব্যঙ্গ করে। এতে নূর ইসলাম ক্ষুব্ধ হয়ে সিদ্দিককে কয়েকটি চড়-থাপ্পড় দেয়। এতে ক্ষিপ্ত হয়ে জাকিরের সমর্থকরা বেলা আড়াইটার দিকে ভূতপাশা গ্রামে নূর ইসলামের সমর্থকদের ধাওয়া করে। এসময় অপর পরাজিত সদস্য প্রার্থী শহীদ ফকিরের সমর্থকরা নূর ইসলামের সমর্থকদের সঙ্গে যোগ দেয়। তারা বড়াশুরে জাকির মোল্লার গ্রামের বাড়িতে হামলা করে। দু'পক্ষের মধ্যে প্রায় দুই ঘণ্টা ধরে থেমে থেমে সংঘর্ষ চলে। এতে ২৫ জন আহত হয়। কাশিয়ানী থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সাড়ে ৪টার দিকে গোপালগঞ্জ থেকে দাঙ্গা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনাস্থল থেকে শহীদ মিয়া (৪২), নাজমুল মিয়া (১৮), সুমন মিয়া (২৬), হামজা শরীফ (৩০), মাজহারুল (২৮) ও আলী মোল্লাকে (৩৫) গ্রেপ্তার করেছে। আহতদের মধ্যে পরাজিত সদস্য প্রার্থী শহীদ ফকির, তার বাবা ইকবাল ফকির, ছেলে সুজন ফকির, সোহেল ফকির, মিন্টু ফকিরকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কাশিয়ানী থানার উপ-পরিদর্শক মনসুর হাবীব জানান, পরিস্থিতি এখন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/ কেএমএস/২১৪৬ ঘ.