ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাণিজ্যমন্ত্রী ফারুক খান জানিয়েছেন, চলতি অর্থবছরের এপ্রিল পর্যন্ত বাণিজ্য মন্ত্রণালয় ৪০ দশমিক ৪৪ শতাংশ রপ্তানি প্রবৃদ্ধি অর্জন করেছে।
বাণিজ্যমন্ত্রী বলেন, এ অর্থবছরের বাকি সময়ে রপ্তানি লক্ষ্যমাত্রা ১৮ হাজার পাঁচশ মিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে ২০ হাজার মিলিয়ন মার্কিন ডলারের বেশি রপ্তানি আয় করতে পারবে বলে ধারণা করা হচ্ছে।
সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তরে এ তথ্য জানান তিনি।
বিকাল ৫টা ২২ মিনিটে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে অধিবেশনে দিনের কার্যসূচি শুরু হয়। প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর টেবিলে উপস্থাপিত হয়েছে বলে জানান তিনি।
সিরাজগঞ্জ-৪ আসনের সাংসদ মো. শফিকুল ইসলামের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী আরো জানান, বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পর বিশ্বমন্দার কারণে অধিকাংশ দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে স্থবিরতা নেমে আসে। পার্শ্ববর্তী দেশ ভারত, ভুটান, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ইন্দোনেশিয়া ও থাইল্যাণ্ডের রপ্তানি প্রবৃদ্ধি যখন ঋণাত্মক, তখন ২০০৯-১০ অর্থ বছরে দেশে রপ্তানি আয় ধনাত্মক (৪ দশমিক ১১) এবং মোট রপ্তানি আয় হয়েছে ১৬ হাজার দুশ চার দশমিক ৬৫ মিলিয়ন মার্কিন ডলার।
কুমিল্লা-৮ আসনের নাছিমুল আলম চৌধুরীর প্রশ্নের জবাবে ফারুক খান জানান, ২০১০-১১ অর্থবছরের এপ্রিল পর্যন্ত চা রপ্তানি বাবদ মোট বৈদেশিক মুদ্রা আয় হয়েছে চার দশমিক ৮২ মিলিয়ন মার্কিন ডলার।
৪৯ দেশে শুল্কমুক্ত সুবিধা
সুনামগঞ্জ-৫ আসনের সাংসদ মুহিবুর রহমান মানিকের প্রশ্নের জবাবে ফারুক খান জানান, বিশ্বের ৪৯ দেশে শুল্কমুক্ত সুবিধার আওতায় বাংলাদেশ পণ্য রপ্তানি করা হচ্ছে। এগুলো হচ্ছে- ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৭টি দেশ, কানাডা, অস্ট্রেলিয়া, নরওয়ে, সুইজারল্যান্ড, নিউজিল্যান্ড, ইউএসএ, তুরস্ক, জাপান, রাশিয়ান ফেডারেশন, বেলারুশ, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা, ভারত, চীন, মালয়েশিয়া, নেপাল, ভুটান, পাকিস্তান, মালদ্বীপ, আফগানিস্তান ইত্যাদি।
নাছিমুল আলম চৌধুরীর আরেক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী জানান, বর্তমানে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত ২৭টি দেশে এবং নরওয়ে, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও জাপানে বাংলাদেশি পণ্য শুল্কমুক্ত প্রবেশাধিকার পাচ্ছে।
এছাড়া বাংলাদেশ নরওয়েতে ১০০ শতাংশ, কানাডায় ৯৮ দশমিক ৯ শতাংশ, অস্ট্র্রেলিয়ায় ১০০ শতাংশ, নিউজিল্যান্ডে ১০০ শতাংশ সুবিধা পাচ্ছে এবং চীনে ৪৭২১টি পণ্যে শুল্কমুক্ত প্রবেশের সুবিধা পাচ্ছে।
নেত্রকোণা-১ আসনের সাংসদ মোশতাক আহমেদ রুহীর প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী জানান, চীন থেকে বেশি সংখ্যক পণ্যের শুল্কমুক্ত বাজার সুবিধা পাওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে।
২৯ মাসে ১০ লাখ ৬৭ হাজার কর্মী বিদেশে
সিরাজগঞ্জ-৪ আসনের সাংসদ মো. শফিকুল ইসলামের প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন জানান, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর মে মাস পর্যন্ত ১০ লাখ ৬৭ হাজার সাতশ ৩৮ বাংলাদেশি কর্মীর বিশ্বের বিভিন্ন দেশে কর্মসংস্থান হয়েছে।
সংরক্ষিত নারী আসনের সাংসদ সাধনা হালদারের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্রে নতুন নতুন শ্রমবাজার অনুসন্ধান করা হচ্ছে। এ লক্ষ্যে পাঁচটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ইউরোপ, আফ্রিকা ও অস্ট্রেলিয়ার সম্ভাবনাময় শ্রমবাজার সফর করছে।
ঢাকা-৪ আসনের সাংসদ সানজিদা খানমের প্রশ্নের জবাবে মোশাররফ হোসেন জানান, সৌদি আরবের শ্রমবাজারে ২০ লাখের বেশি বাংলাদেশি কর্মরত রয়েছে। ২০১০ সালে সৌদি আরবে কর্মরতদের পাঠানো বৈদেশিক মুদ্রার পরিমাণ তিন হাজার তিনশ ১৩ দশমিক ৬৪ মিলিয়ন মার্কিন ডলার।
সাড়ে সাত হাজার মেট্রিক টন চাল সংগৃহীত
সিরাজগঞ্জ-৪ আসনের সাংসদ মো. শফিকুল ইসলামের প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক জানান, চলতি বছরে ছয় লাখ মেট্রিক টন চাল সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সংগ্রহ কার্যক্রম গত ৫ জুন শুরু হয়ে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
তিনি জানান, ১১ জুন পর্যন্ত সাত হাজার ছয়শ মেট্রিক টন চাল সংগ্রহ হয়েছে।
তিনি জানান, চলতি বোরো সংগ্রহ মৌসুমে প্রতি কেজি সিদ্ধ চালের সংগ্রহ মূল্য ২৯ টাকা নির্ধারণ করে খাদ্যশস্য সংগ্রহের পরিকল্পনা নিয়েছে সরকার। এ পরিকল্পনার অধীনে শুধু ছয় লাখ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২০২৫ ঘ.
bdnews24