মুন্সীগঞ্জ, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে চেয়ারম্যানপ্রার্থী আওয়ামী লীগের দুই নেতার সমর্থকদের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে।
রোববার সকালে ওই সংঘাতের সময় গুলিও হয় বলে পুলিশ জানিয়েছে। গুলিবিদ্ধ হয়েছেন দুজন।
সদর থানার ওসি মো. শহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহ আলম মল্লিকের সমর্থকদের ওপর হামলা চালায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী রিপন পাটোয়ারীর সমর্থকরা। এরপর অস্ত্র-শস্ত্র নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
আহতদের মধ্যে মতি ব্যাপারী, মিল্লাদ ব্যাপারী, রাকিব সৈয়াল, মিলন ও রিপনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধ মামুন ও কালাচাঁনকে ঢাকায় পাঠানো হয়েছে বলে স্থানীয়রা জানায়।
ওই ইউনিয়নে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯০০ ঘ.
bdnews24