ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিব বলেছেন, ভ্রাম্যমাণ আদালত সাক্ষী-প্রমাণ ছাড়া একতরফাভাবে বিরোধী দলের নেতা-কর্মীদের শাস্তি দিচ্ছে যা নজিরবিহীন।
রোববার বিকালে এক সংবাদ ব্রিফিঙে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হরতালে ভ্রাম্যমাণ আদালতের শাস্তি দেওয়া প্রসঙ্গে বলেন, "হরতালে ভ্রাম্যমাণ আদালতে বিরোধী দলের নেতা-কর্মীদের কোনো সাক্ষী-প্রমাণ ছাড়া একতরফাভাবে শাস্তি দেওয়া হচ্ছে। ১৯৫২ সালের তামাক ও মাদক নিয়ন্ত্রণ আইনের ধারায় ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের শাস্তি দেওয়া নজিরবিহীন ঘটনা।
"ঔপনিবেশিক আমলেও রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য এভাবে আইনের প্রয়োগ হয়নি।"
রাজধানীতে ভ্রাম্যমাণ আদালতে দায়িত্বরত ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ ও ম্যাজিস্ট্রেট রহিমা খাতুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভ্রাম্যমাণ আদালত আইন ২০০৯-এর ৩৫৩ ও ১৮৬ দণ্ডবিধির আওতায় সাজা দেওয়া হয়েছে।
সারাদেশে সফল ও সর্বাত্মক হরতাল চলছে দাবি করে ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালে আন্দোলন চলবে। বিএনপি ওই ব্যবস্থা ছাড়া কোনো নির্বাচনে অংশ নেবে না।
নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিকেলে এই সংবাদ ব্রিফিং হয়।
তত্ত্বাবধায়ক সরকার বাতিলে সরকারের পরিকল্পনা ও সংবিধান সংশোধনসহ বিভিন্ন দাবিতে রোববার সকাল ৬টা থেকে ৩৬ ঘণ্টার জন্য একটাকা হরতাল ডেকেছে বিএনপি ও জামায়াতে ইসলামী। শনিবার এ হরতাল কর্মসূচি ঘোষণা করে দল দুটি।
'সাতশর বেশি গ্রেপ্তার'
সংবাদ ব্রিফিঙে মির্জা ফখরুল বলেন, হরতাল ঘোষণার পর থেকে এ পর্যন্ত সারাদেশে সাতশর বেশি নেতা-কর্মীকে গ্রেপ্তার হয়েছে।
এর মধ্যে রোববার হরতাল চলাকালে গ্রেপ্তারকৃত দলের সহসভাপতি আলতাফ হোসেন চৌধুরী, হাফিজ উদ্দিন আহমেদ, সহ তথ্য ও গবেষণা সম্পাদক হাবিবুর রহমান হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম স্বপনসহ নেতা-কর্মীদের মুক্তি দাবি করেন তিনি।
মহিলা দলের সভানেত্রী নূরে আরা সাফাকে আটকের সময় পুলিশের আচরণের নিন্দাও জানান মির্জা ফখরুল।
ঢাকা মহানগর, নীলফামারী, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, বগুড়া, বরিশাল মহানগর, পটুয়াখালী, খুলনা ও চট্টগ্রাম মহানগর, কুমিল্লা, হবিগঞ্জ, পিরোজপুর, মাদারীপুর, বরগুনা, জয়পুরহাট, ভোলা জেলায় গ্রেপ্তারকৃতদের তালিকা সাংবাদিকদের দেন মির্জা ফখরুল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেটি/পিডি/১৯১৮ ঘ.
bdnews24