২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিরোধী দলে গেলেও আ. লীগ হরতাল ডাকবে না: সাহারা

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, তার দল বিরোধী দলে গেলেও হরতাল ডাকবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2011, 09:29 AM

Updated : 24 Aug 2022, 03:17 PM

ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, তার দল বিরোধী দলে গেলেও হরতাল ডাকবে না। বিএনপি-জামায়াতের হরতালের দিন রোববার সচিবালয়ে তিনি সাংবাদিকদের বলেন, "ভবিষ্যতে বিরোধী দলে গেলে আওয়ামী লীগ বিশৃঙ্খলা-ভাংচুর করবে না। হরতাল ডাকবে না। আওয়ামী লীগ আগেও কখনো বিশৃঙ্খলা কাজ করেনি, ভবিষ্যতেও করবে না।" তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলের পরিকল্পনার প্রতিবাদে ৫ জুন দিনব্যাপী হরতালের পর রোববার সকাল থেকে ৩৬ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি-জামায়াত। সরকারের পক্ষ থেকে আইন করে হরতাল বন্ধ করা হবে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, "আইন করতে হবে না, জনগণই হরতাল প্রতিরোধ করবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতাভুক্ত প্রকল্পের অগ্রগতি পর্যালোচনার এক সভার পর হরতাল নিয়ে সাংবাদিকদের সঙ্গে মন্ত্রীর কথা হয়। হরতালে পিকেটারদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া দমন-পীড়নের অংশ বলে বিএনপি যে অভিযোগ করেছে, তাও উড়িয়ে দেন সাহারা। তিনি বলেন," শুধু বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে আইন অনুয়ায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভ্রাম্যমাণ আদালত আইন অনুযায়ী তাদের কাজ করছে, আদালতের ব্যাপারে বা বিপক্ষে কথা বলার অধিকার মন্ত্রীদেরও নেই।" অপর এক প্রশ্নের জবাবে সাহারা বলেন, নিরীহ মানুষ হয়রানির শিকার হবে না, গ্রেপ্তারকৃত কেউ নির্দোষ প্রমাণিত হলে অবশ্যই সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। হরতালের বিপক্ষে আওয়ামী লীগকর্মীদের মিছিলের বিষয়ে মন্ত্রী বলেন, তারা জনগণের পক্ষে মিছিল করছে। ঝালকাঠীতে র‌্যাবের কথিত বন্দুকযুদ্ধে আহত লিমন হোসেনের বিষয়ে তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে কি না- জানতে চাওয়া হলে তিনি বলেন, "আমি মাত্র বিদেশ থেকে ফেরত এসেছি, বিষয়টি জেনে সাংবাদিকদের জানানো হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/আরএ/এমআই/১৫৩০ ঘ.