ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতাল প্রত্যাহার করে তত্ত্বাবধায়ক সরকারের নতুন পদ্ধতির প্রস্তাব নিয়ে সংসদে ফিরতে বিরোধীদলীয় নেতার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার গণভবনে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বক্তৃতায় হরতালের সমালোচনা করে তিনি বলেন, এতে জনদুর্ভোগ বাড়বে।
তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলের পরিকল্পনার প্রতিবাদে ৫ জুন দিনব্যাপী হরতালের পর এবার রোব ও সোমবার ৩৬ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি।
বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে রাজনীতিকদের হয়রানির চিত্র তুলে ধরে খালেদা জিয়ার উদ্দেশে হাসিনা বলেন, "কেয়ারটেকার সরকারের অভিজ্ঞতা তো উনার আছে। উনার ছেলেদের উত্তম-মধ্যম দিয়ে দেশের বাইরে পাঠালো। উনাকেও জেলে ঢোকানো হলো। কেয়ারটেকার গভর্নমেন্ট এত অত্যাচার করলো, তা ভুলে গেলেন।"
সর্বোচ্চ আদালতের রায় অনুসরণ করে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলের সুপারিশ করা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, "হাইকোর্টের রায়ে পুরনো ফর্মুলা বাতিল হয়ে গেছে। আপনি সংসদে আসেন। একটি ফর্মুলা দেন।"
খালেদার অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ গ্রহণের দিকে ইঙ্গিত করে হাসিনা বলেন, "আপনি ক্ষমতায় থেকে চুরি করলেন, আপনি দেশের প্রথম প্রধানমন্ত্রী যিনি কালো টাকা সাদা করলেন।"
গণতন্ত্র রক্ষায় আওয়ামী লীগের সক্রিয় থাকবে জানিয়ে তিনি বলেন, "অনেক কষ্টে গণতন্ত্র এনেছি। কেউ একে হত্যা করতে পারবে না। জনগণের ভাগ্য নিয়ে আর কেউ ছিনিমনি খেলতে পারবে না। দেশে আর খুন-খারাপি দেখতে চাই না।"
সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আমলে জরুরি অবস্থার মধ্যে ১১ মাস কারাগারে থাকার পর ২০০৮ সালের ১১ জুন শেখ হাসিনা মুক্ত হন। দিনটি উপলক্ষে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা গণভবনে ফুল দিয়ে দলীয় প্রধানকে শুভেচ্ছা জানান।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম দলে ষড়যন্ত্র থেকে নেতা-কর্মীদের সজাগ থাকার আহ্বান জানান।
তিনি বলেন, "আমাদের কোনো বিপর্যয় হবে না, যদি না আমাদের ভেতর থেকে কেউ ষড়যন্ত্র করে। বঙ্গবন্ধুর সময়ও ষড়যন্ত্র হয়েছিলো, নেত্রীর বিরুদ্ধেও ষড়যন্ত্র হয়েছে। আমাদের লোকজন সে ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে।"
২০০৮ সালে হাসিনার কারামুক্তির সময়ের ঘটনাবলি তুলে ধরে তিনি বলেন, "সামরিক কারাগার থেকে আজকের এই দিনে নেত্রী মুক্তি পেয়েছিলেন। আমরা সেদিন অনেক উৎকণ্ঠায় ছিলাম। কখন উনি মুক্তি পাবেন।
"কখনো বলা হচ্ছিলো- এখনি মুক্তি পাবেন, কখনো বলা হচ্ছিলো দুই ঘণ্টা পর, কখনো আবার বলা হচ্ছিলো পাঁচ ঘণ্টা পর। তখন এক জন মেজর জেনারেল আমাকে ফোন করে বলেছিলেন- 'এত উল্লসিত হওয়ার কিছু নেই। সব শেষ হয়ে যায়নি'। নেত্রী যখন সুধা সদনে তখন আবার বলেছিলো- 'সময় এখনো ফুরিয়ে যায়নি। এখনো অনেক কিছু হতে পারে'।"
শেখ হাসিনাকে শুভেচ্ছা জানানোর ওই অনুষ্ঠানে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদসহ কেন্দ্রীয় কমিটির সদস্যরা ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৫৪০ ঘ.
bdnews24