২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় হত্যাচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ২

একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থীকে হত্যাচেষ্টার অভিযোগে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2011, 02:48 PM

Updated : 24 Aug 2022, 03:15 PM

গাইবান্ধা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থীকে হত্যাচেষ্টার অভিযোগে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সাদুল্লাপুর থানার ওসি হাসান ইনাম বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ধাপেরহাট ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শফিকুল কবীর মিন্টুকে হত্যার চেষ্টা করা হয়। তিনি বুধবার রাত সাড়ে ৮টার দিকে নির্বাচনী প্রচারণা শেষে দুই সহযোগিকে নিয়ে অটোরিক্সাযোগে ধাপেরহাট বাজার থেকে নিজপাড়া গ্রামে নিজের বাড়ির দিকে রওনা হন। পথে হাসানপাড়ায় গ্রামীণ ব্যাংকের কাছে পৌঁছলে ৬/৭ জন লোক দেশীয় অস্ত্র হাতে তাদের পথরোধ করে। শফিকুল ও তার সঙ্গীদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে এবং বুলু মিয়া (২৫) ও ছামিউল ইসলাম (২৬) নামের দুই যুবককে আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে দুটি ছোরা উদ্ধার করা হয়। বুলু উপজেলার নিজপাড়া গ্রামের শুকুর মিয়ার ছেলে এবং ছামিউল একই গ্রামের আব্দুস ছাত্তার মিয়ার ছেলে। ওসি জানান, এ ঘটনায় শফিকুল কবীর মিন্টু থানায় একটি মামলা করেছেন। গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার গাইবান্ধা জেল হাজতে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/কেএমএস/২০৪৮ ঘ.