ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের পক্ষে মত দিয়েছে জাতীয় পার্টির আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন অংশ।
মঙ্গলবার নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সংলাপে জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, "বিশ্বের অনেক দেশে ইভিএম ব্যবহার হচ্ছে। প্রতিবেশি পশ্চিমবঙ্গেও এর সফল ব্যবহার হয়েছে। বাংলাদেশেও ইভিএম ব্যবহার আমরা পুরোপুরি সমর্থন করি।"
মঞ্জু বলেন, ইভিএম বাংলাদেশে ব্যবহার না করলেও ভোট প্রক্রিয়া নিয়ে বিতর্ক থাকবে।
শুভেচ্ছা বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা জানান, আগামী সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করতে হলে সংশ্লিষ্ট সবার (স্টেকহোল্ডার) মত লাগবে। ইতোমধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে সফলভাবে পরীক্ষামূলক ইভিএম ব্যবহার হয়েছে।
তিনি জানান, আগামী বড় পরিসরে উদ্যোগ নেওয়ার আগে বুয়েটের মাধ্যমে প্রযুক্তিগত সহায়তা ও বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি (বিএমটিএফ) কারিগরি সহায়তা নেওয়ার বিষয়ে একমত কমিশন।
মঙ্গলবার সকাল সোয়া ১০টায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সঙ্গে আলোচনার মধ্য দিয়ে পাঁচ আলোচ্যসূচিতে ৩৮টি নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচন কমিশনের এই সংলাপ শুরু হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা।
দুপুর ৩টার দিকে জেপির সঙ্গে সংলাপে বসে ইসি। সংলাপ শেষ হয় বিকেল পৌনে ৫টায়।
বুয়েটের অধ্যাপক লুৎফুল কবীরের মতে, ইভিএম প্রযুক্তিতে ভোট গ্রহণের সর্বোচ্চ নিরাপত্তা রয়েছে। কোনো ধরনের কারচুপির শঙ্কা নেই। কারণ, অনুমোদিত ব্যক্তি ও স্মার্ট কার্ডের মাধ্যমে তা সচল করা হয়।
তিনি জানান, ব্যাটারিচালিত হওয়ায় এ মেশিন প্রত্যন্ত অঞ্চলেও ব্যবহার করা যাবে।
সীমানা নির্ধারণ
জনসংখ্যার ভিত্তিতে সংসদীয় আসন বণ্টন করলে বৈষম্য থেকে যাবে বলে মনে করে জেপি। দলটির লিখিত বক্তব্যে বলা হয়, শুধু ঢাকা শহরের সংদীয় এলাকা নির্দিষ্ট নয়, অন্যান্য মহানগরের আসনও নির্দিষ্ট করে দিতে হবে।
ইসি ঢাকা সিটি কর্পোরেশনের আসন ১০-এ বেঁধে দেওয়ার প্রস্তাব করে।
নিয়োগ পদ্ধতি
সিইসি ও ইসি নিয়োগ পদ্ধতির বিষয়ে জেপি সভাপতি বলেন, নির্বাচন কমিশনার নিয়োগে অনুসন্ধান কমিটি গঠন করা হলে শাসক গোষ্ঠি ওই সব প্রতিষ্ঠানে দলীয় আনুগত্য আছে এমন ব্যক্তি নিয়োগ দিতে পারে। ফলে এসব প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে।
প্রস্তাবিত নির্বাচনী প্রচারণা ব্যয় (জনতহবিল) আইন এখনই গ্রহণযোগ্য নয় বলে মত দেয় জেপি।
"রাষ্ট্রের আর্থিক অবস্থার বিবেচনায় এ ধরনের প্রস্তাব এ মুহূর্তে গ্রহণযোগ্য নয়। এটি ভবিষ্যতের জন্য রেখে দেওয়া যেতে পারে।"
সংলাপে জেপির আট সদস্য'র প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন, ইসি সচিব মোহাম্মদ সাদিক, বুয়েটের আইআইসিটি পরিচালক অধ্যাপক লুৎফুল কবীর এবং বিএমটিএফ'র ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইফুর রহমান ও ম্যানেজার লেফটেন্যান্ট কর্নেল মাকসুদুর রহমান উপস্থিত ছিলেন।
বুধবার সকালে বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল) ও বিকালে কৃষক শ্রমিক জনতালীগের সঙ্গে সংলাপসূচি রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/পিডি/১৭২৫ ঘ.
bdnews24