চট্টগ্রাম, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাউজান উপজেলার চার ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী প্রতিপক্ষ প্রার্থীদের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ ও ভীতি প্রদর্শনের অভিযোগ এনেছেন।
মঙ্গলবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তারা অভিযোগ তুলে ধরেন।
১৮ জুন রাউজান উপজেলার ১৪টি ইউনিয়নে নির্বাচনের তারিখ রয়েছে।
ওই চার প্রার্থী হলেন, ডাবুয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আবদুর রহমান চৌধুরী, নোয়াপাড়ার নূর আহমদ, উরকিচরের মো. আনোয়ার চৌধুরী ও রাউজানের প্রার্থী মো. দিদারুল আলম।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আবদুর রহমান বলেন, সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে ভোট গ্রহণের দিন এ চার ইউনিয়ন পরিষদ এলাকায় সার্বক্ষণিক র্যাব মোতায়ান করতে হবে।
পরে তিনি বলেন, "মনোনয়নপত্র সংগ্রহের দিন থেকেই আমাদের ও কর্মী সমর্থকদের ভয়-ভীতি প্রদর্শন করা হচ্ছে। এখানে ১০টির মধ্যে ৭টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ।"
আবদুর রহমান অভিযোগ করেন, প্রতিপক্ষ প্রার্থী আলমগীরের সন্ত্রাসীরা তার প্রচারের কাজে ব্যবহৃত মাইক ও অটো রিকশা ভাঙচুর এবং কর্মীদের মারধর করেছে। এ ঘটনায় তিনি একটি সাধারণ ডায়েরি করেছেন।
মো. দিদারুল আলম জানান, চেয়ারম্যান প্রার্থী শাহ আলমের অনুসারীরা তার ব্যবসা প্রতিষ্ঠান 'জমজম মিষ্টি মহলে' তালা লাগিয়ে দিয়েছে। এখানে ৯টি কেন্দ্রের মধ্যে ৪টিই ঝুঁকিপূর্ণ।
নূর আহমদ অভিযোগ করেন, গত শনিবার অন্য ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী দিদারুল আলমের অনুসারীরা তাকে এলাকা ছেড়ে যাওয়ার হুমকি দিয়েছে।
আনোয়ার চৌধুরী বলেন, অন্য প্রার্থীর সমর্থকদের হুমকির কারণে এলাকায় যেতে পারছি না। এ ইউনিয়নের নয়টি কেন্দ্রের সবগুলোই ঝুঁকিপুর্ণ।
সংবাদ সম্মেলনে এ চারজনই নিজেদের আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বলে দাবি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/আরএম/এএল/১৫১৭ ঘ.
bdnews24