২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিবন্ধিত দলগুলোর সঙ্গে ইসি'র সংলাপ শুরু মঙ্গলবার

পাঁচ আলোচ্যসূচি নিয়ে নিবন্ধিত ৩৮টি রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ শুরু হচ্ছে মঙ্গলবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2011, 02:33 PM

Updated : 24 Aug 2022, 03:13 PM

ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাঁচ আলোচ্যসূচি নিয়ে নিবন্ধিত ৩৮টি রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ শুরু হচ্ছে মঙ্গলবার। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদার সভাপতিত্বে শেরে বাংলানগরে কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে এ সংলাপ হবে। প্রতিদিন দুই ঘণ্টা করে দুই ভাগে দুটি দলের সঙ্গে সংলাপ করবে নির্বাচন কমিশন। সোমবার নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন সাংবাদিকদের জানান, নির্বাচনী আইনে আরো সংস্কার, নির্বাচনী ব্যয়ে রাষ্ট্রীয় অনুদান, নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার, সীমানা পুনর্নির্ধারণ আইন ও বিধি এবং নির্বাচন কমিশনার নিয়োগ পদ্ধতি নিয়ে এ মত বিনিময় হবে। "বর্তমান কমিশনের অভিভজ্ঞতার আলোকে কিছু আইনগত সংস্কার আনা প্রয়োজন বলে আমরা মনে করি। এ লক্ষ্যে দল, বিশিষ্ট জন ও গণমাধ্যম প্রতিনিধির সঙ্গে আলোচনা করে সুপারিশ চূড়ান্ত করা হবে।" ইতোমধ্যে নিবন্ধিত দলগুলোর কাছে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। প্রথম ভাগের সংলাপ সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। দ্বিতীয় ভাগের সংলাপ দুপুর ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে। দলের নিবন্ধনের ক্রমিক নম্বর ১ হওয়ায় অলি আহমদের লিবারেল ডেমোক্রেটিক পার্টিই (এলডিপি) প্রথম দিন সর্বপ্রথম কমিশনের সঙ্গে সংলাপে বসবে। বেলা ৩টায় সংলাপ হবে আনোয়ার হোসেন মঞ্জু'র নেতৃত্বাধীন জাতীয় পার্টির (জেপি) সঙ্গে। নিবন্ধন ক্রম অনুযায়ী বুধবার ৮ জুন সকালে বাংলাদেশ সাম্যবাদী দল (এমএল), বিকালে কৃষক শ্রমিক জনতা লীগ, ৯ জুন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, ১৩ জুন সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বিকালে গণতন্ত্রী পার্টি, ১৪ জুন সকালে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকালে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, ১৫ জুন সকালে বিকল্পধারা বাংলাদেশ, বিকালে জাতীয় পার্টি, ১৬ জুন সকালে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ২৩ জুন সকালে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, বিকালে জাকের পার্টি, ২৭ জুন সকালে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, বিকালে বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি, ২৮ জুন সকালে বাংলাদেশ তরিকত ফেডারেশন, বিকালে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ২৯ জুন সকালে বাংলাদেশ মুসলিম লীগ, বিকালে ন্যাশনাল পিপলস পার্টি, ৪ জুলাই সকালে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, বিকালে গণফোরাম, ৫ জুলাই সকালে গণফ্রন্ট, বিকালে প্রগতিশীল গণতান্ত্রিক দল, ৬ জুলাই সকালে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকালে বাংলাদেশ জাতীয় পার্টি, ৭ জুলাই সকালে ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, বিকালে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ১১ জুলাই সকালে বাংলাদেশ কল্যাণ পার্টি, বিকালে ইসলামী ঐক্যজোট, ১২ জুলাই সকালে বাংলাদেশ খেলাফত মজলিশ, বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ১৩ জুলাই সকালে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বিকালে জাতীয় গণতান্ত্রিক পার্টি এবং সংলাপের শেষ দিন ১৮ জুলাই সকালে বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কাস পার্টি, বিকালে খেলাফত মজলিশের সঙ্গে কমিশনের সংলাপ হবে। আগামী ১১ জুন কমিশন সংলাপ করবে গণমাধ্যম ব্যক্তিত্ব ও সুশীল সমাজের প্রতিনিধি সঙ্গে। এছাড়া ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ৯ জুন নির্ধারিত সংলাপ পিছিয়ে দিতে অনুরোধ জানিয়েছে। এখনও এ সংলাপের নতুন দিন-ক্ষণ চূড়ান্ত করেনি কমিশন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২০৩৫ ঘ.