২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুটপাতেও দাঁড়াতে দিচ্ছে না পুলিশ: ফখরুল

হরতালে দলীয় কর্মীদের ওপর দমন-পীড়ন চলছে অভিযোগ করে এর নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2011, 04:37 AM

Updated : 24 Aug 2022, 03:13 PM

ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালে দলীয় কর্মীদের ওপর দমন-পীড়ন চলছে অভিযোগ করে এর নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার সকালে হরতালের সময় নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে তিনি সাংবাদিকদের বলেন, "আমাদের ফুটপাতেও দাঁড়াতে দেওয়া হচ্ছে না। দেশে এখন কোনো গণতন্ত্র নেই। ফ্যাসিস্ট সরকারের হাতে আমরা আজ অবরুদ্ধ হয়ে আছি।" নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে সমবেত বিএনপি নেতা-কর্মীদের ঘিরে রেখেছে পুলিশ। নেতাদের মধ্যে রয়েছেন- ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, যুগ্মমহাসচিব আমানউল্লাহ আমান, রুহুল কবীর রিজভী, প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, ঢাকা মহানগর কমিটির সদস্য সচিব আব্দুস সালাম প্রমুখ। বিএনপি নেতাদের অভিযোগ, কর্মীদের দলীয় কার্যালয়ে আসতে দিচ্ছে না পুলিশ। চেষ্টা করলেই গ্রেপ্তার করা হচ্ছে। সকাল পৌনে ৯টা পর্যন্ত অন্তত ৩০ জনকে নয়া পল্টন এলাকা থেকে আটক করা হয়েছে বলে বিএনপির নেতারা দাবি করেছেন। গ্রেপ্তারের সময় নেতাদের সঙ্গে পুলিশের কয়েক দফা ধস্তাধস্তিও হয়। ফফরুল বলেন, "হরতালে বাধা দিয়ে সরকারের ফ্যাসিস্ট চরিত্র আবারো জনগণের কাছে উন্মোচিত হয়েছে।" তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পরিকল্পনার প্রতিবাদে প্রধান বিরোধী দল রোববার এ হরতাল পালন করছে। একই ইস্যুতে তাদের সঙ্গে জোটসঙ্গী জামায়াতে ইসলামীও হরতাল ডেকেছে। হরতালে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ কঠোর অবস্থানে থাকার কথা আগেই জানিয়েছিলো। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, "পুলিশের আচরণ কোনো শিষ্টাচারের মধ্যে পড়ে না। জাতীয় সংসদের সম্মানিত সদস্য ও রাজনীতিক- কেউ তাদের রোষানল থেকে পরিত্রাণ পাচ্ছে না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১০৩৫ ঘ.