২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপিকে সংসদে ফিরতে আহ্বান আইনমন্ত্রীরও

তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প ব্যবস্থা কী হতে পারে সে বিষয়ে প্রস্তাব নিয়ে সংসদে আসতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2011, 08:13 AM

Updated : 24 Aug 2022, 03:13 PM

ঢাকা, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প ব্যবস্থা কী হতে পারে সে বিষয়ে প্রস্তাব নিয়ে সংসদে আসতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। শনিবার একটি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, "সুপ্রিম কোর্টের রায়ের পর এই ব্যবস্থাকে (তত্ত্বাবধায়ক সরকার) সংবিধানে ফিরিয়ে নেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। তাই মাঠে এর বিরোধিতা না করে বিকল্প প্রস্তাব নিয়ে সংসদে আসুন।" সবাইকে অবশ্যই সুপ্রিম কোর্টের রায়ের প্রতি শ্রদ্ধা দেখাতে মন্তব্য করে আইনমন্ত্রী বলেন, "এ রায় অমান্যের চেষ্টা করলে দেশে নৈরাজ্য সৃষ্টি হবে।" আগের দিনই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপিকে সংসদে ফিরে তাদের প্রস্তাব তুলে ধরার আহ্বান জানান। রাজধানীতে বিচার প্রশাসক প্রশিক্ষণ ইনস্টিটিউটে ১০৬তম কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন আইনমন্ত্রী। আটদিন ব্যাপী এই প্রশিক্ষণে দেশের বিভিন্ন এলাকা থেকে ২৬ জন অতিরিক্ত বিচারক, মুখ্য বিচারিক হাকিম এবং সম মর্যাদার বিচারিক কর্মকর্তারা অংশ নিয়েছেন। অংশগ্রহণকারী বিচারকদের উদ্দেশ্যে শফিক আহমেদ বলেন, মামলাজট কমাতে বিচারকদের সততা ও সচেতনতার সঙ্গে বিচার কাজ করতে হবে। "বিচারকদের মনে রাখতে হবে, দুর্দশা কমাতে জনগণ আদালতে আসেন। কিন্তু দীর্ঘসূত্রতা দুর্দশা আরো বাড়িয়ে দেয়", যোগ করেন তিনি। মন্ত্রী জানান, মামলা দ্রুত নিষ্পত্তি করতে সমন জারি এবং এর প্রতিউত্তরসহ মামলার প্রতিটি ধাপের জন্য সময় নির্ধারণ করে দেওয়ার চিন্তা চলছে। তিনি বলেন, "দেওয়ানি ও ফৌজদারি মামলা দ্রুত নিষ্পত্তির জন্য বিকল্প বিরোধ নিষ্পত্তি আইন প্রণয়নে আমরা উদ্যোগ নিয়েছি। এ পদ্ধতি চালু হলে আদালতের বাইরে সমঝোতার মাধ্যমে অনেক বিরোধ নিষ্পত্তি করা সম্ভব হবে।" বর্তমানে দেশের বিভিন্ন আদালতে ২০ লাখেরও বেশি মামলা বিচারাধীন বলে জানান মন্ত্রী। দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগকে সব ধরনের লজিস্টিক সমর্থন দিতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে বলে জানান আইনমন্ত্রী। উদাহরণ হিসেবে নতুন আদালত ভবন নির্মাণ, সব বিচারকের জন্য আলাদা বিচারকক্ষের ব্যবস্থা করা, বিচারকদের আবাসিক সুবিধা নিশ্চিত করার বিষয়গুলো তুলে ধরেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/এমআই/১৪১৫ ঘ.