মেহেরপুর, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেহেরপুরের গাংনীর বামুন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ওপর বোমাহামলা চালিয়েছে সন্ত্রাসীরা।
হামলা থেকে প্রার্থী আব্দুল আউয়াল বেঁচে গেলেও আহত হয়েছেন এক জন। শনিবার প্রথম প্রহরে এ হামলা হয় বলে আউয়াল জানিয়েছেন। কারা হামলা চালিয়েছে, তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
বামুন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি আউয়াল এবারের নির্বাচনেও চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আউয়াল সাংবাদিকদের বলেন, রাত সাড়ে ১২টার দিকে নির্বাচনী প্রচার শেষে মটর সাইকেল নিয়ে বাড়ি ফেরার সময় বামুন্দীর জেদ্দা ইট ভাটার কাছে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা তাকে লক্ষ করে পরপর দুটি বোমা ছোড়ে।
বিস্ফোরণে আউয়ালের সঙ্গী আব্দুল মতিন (২৭) আহত হন। তাকে মেহেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কারা হামলা চালিয়েছে, সে বিষয়ে নিশ্চিত করে কিছু না বললেও আউয়াল জানান, গত কিছু দিন ধরে সরকারি দল আওয়ামী লীগ তাকে হুমকি-ধমকি দিয়ে আসছে।
"বিষয়টি পুলিশকে জানানোও হয়েছে। এখন আমি চরম নিরাপত্তাহীন অবস্থায় আছি", বলেন আউয়াল।
এ বিষয়ে গাংনী থানার ওনি মতিয়ার রহমান সাংবাদিকদের বলেন, বোমার শব্দ পাওয়া মাত্র বামুন্দী পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে যায়। তবে সন্ত্রাসীরা তার আগেই পালিয়ে যায়।
নির্বাচন নিয়েই এ বোমাহামলা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। ওসি বলেন, "মনে হচ্ছে, নির্বাচনকে কেন্দ্র করেই এ হামলা হয়েছে। তবে কারা হামলা চালিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০৫০ ঘ.
bdnews24