নওগাঁ, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁর পত্নীতলায় নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে ৩ চেয়ারম্যান ও ১ সদস্য প্রার্থীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা তরফদার আক্তার জামিল এই জরিমানা করেন বলে জানায় পুলিশ।
পত্নীতলা থানার ওসি শফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, আচরণবিধি লঙ্ঘন করে সরকারি দেওয়ালে পোস্টার লাগানোয় চেয়ারম্যান প্রার্থী আবুল কাশেম মণ্ডল (আনারস) ৬ হাজার টাকা, মোস্তফা শাহ্ চৌধুরী (কাপ পিরিচ) ৬ হাজার টাকা, মাসুদ করিম সরকার (দেয়াল ঘড়ি) ৬ হাজার টাকা এবং সাধারণ সদস্য প্রার্থী আহসান হাবীব চৌধুরীকে (ঘুড়ি মার্কা) ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
দ্বিতীয় পর্যায়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ মঙ্গলবার শুরু হয়। এরই আওতায় আগামী ৫ জুন এই উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের ৫৭টি জেলার ৪১৪ উপজেলার ৩ হাজার ৮১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে পর্যায়ক্রমে আগামী ৫ জুলাই পর্যন্ত ভোটগ্রহণ করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৩২৮ ঘ.
bdnews24