২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের এক নেতাকে কুপিয়ে এবং পায়ের রগ কেটে হত্যার চেষ্টা চালিয়েছে এলাকার সন্ত্রাসী দিদার বাহিনীর সদস্যরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2011, 01:32 PM

Updated : 24 Aug 2022, 03:12 PM

ব্রাহ্মণবাড়িয়া, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের এক নেতাকে কুপিয়ে এবং পায়ের রগ কেটে হত্যার চেষ্টা চালিয়েছে এলাকার সন্ত্রাসী দিদার বাহিনীর সদস্যরা। এসময় জনতা দুই সন্ত্রাসীকে ধরে গণপিটুনি দিয়েছে। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার খাটিহাতা বিশ্বরোড এলাকায় এ ঘটনা ঘটে। সদর থানার সহকারী উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, ব্রাহ্মণবাড়িয়া শহর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক উসমান খান সন্ত্রাসী দিদার হত্যা মামলার আসামি। তিনি বুধবার হাইকোর্টের আদেশে জামিন পান। শশুরবাড়ী ব্রাহ্মণবাড়িয়ার আইড়া গ্রামে যাওয়ার উদ্দেশ্যে বৃহস্পতিবার তিনি ঢাকা থেকে বাসে করে এসে বিকাল ৩ টার দিকে খাটিহাতা বিশ্বরোডে নামেন। এসময় দিদার বাহিনীর সদস্য ৫/৬ জন সন্ত্রাসী তার উপর হামলা চালায়। তারা তাকে কুপিয়ে রাস্তার ওপর ফেলে দেয়। মৃত্যু নিশ্চিত করতে সন্ত্রাসীরা তার পায়ের রগ কেটে দেয়। এ সময় উসমানের সঙ্গে থাকা মনির নামের এক আত্মীয়ের চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে এসে সন্ত্রাসীদের ধাওয়া করে। পালানোর সময় হাসান (২৫) ও তার ভাই সাইফুল (২২) জনতার হাতে ধরা পড়ে। জনতা তাদেরকে গনপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। এই দুই ভাই ঘাটুরা এলাকার এমদাদুল্লাহর ছেলে। এলাকাবাসী উসমানকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় উসমানকে ঢাকায় পাঠানো হয়েছে। উসমান শহরের কলেজ পাড়া এলাকার কালা মিয়ার ছেলে। উসমানের উপর হামলার সংবাদ ছড়িয়ে পড়লে তার আত্মীয়স্বজন ও দলের নেতাকর্মীরা হাসপাতালে ভিড় জমান। এ ঘটনায় শহরজুড়ে উত্তেজনা বিরাজ করছে। উল্লেখ্য, গত ৩০ এপ্রিল প্রতিপক্ষের হামলায় দিদার নিহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৯৩৪ ঘ.