২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে ব্যালট ছিনতাই, ১ ইউপির ফলাফল স্থগিত

ব্যালট বাক্স ছিনতাইয়ের কারণে নরসিংদীর পলাশ উপজেলার জিনারদী ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফল স্থগিত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2011, 02:55 PM

Updated : 24 Aug 2022, 03:11 PM

নরসিংদী, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যালট বাক্স ছিনতাইয়ের কারণে নরসিংদীর পলাশ উপজেলার জিনারদী ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফল স্থগিত করা হয়েছে। এছাড়া মঙ্গলবার রাতে ছিনতাই হওয়া ব্যালট বাক্স উদ্ধার করা হয়েছে এবং ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, ডাঙ্গা ও গজারিয়া ইউনিয়ন পরিষদের ফলাফল ঘোষণা করেছেন উপজেলার নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলাম। মঙ্গলবার জিনারদী, ডাঙ্গা ও গজারিয়া ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচিত দুই চেয়ারম্যান হলেন- ডাঙ্গায় সৈয়দ ইকবাল হোসেন এবং গজারিয়া ইউনিয়নে লাল মিয়া। পলাশ থানার ওসি আতিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জিনারদী ইউনিয়নের রাবান উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনা শেষ হলে মঙ্গলবার রাত ৯টার দিকে একটি ব্যালট বাক্স ছিনতাই হয়। রাত সাড়ে ১১টার দিকে কেন্দ্রের পাশে রাস্তায় পরিত্যক্ত অবস্থায় বাক্সটি পাওয়া যায়। এ ঘটনায় জড়িত অভিযোগে রাতেই নিউটন ও ফকর উদ্দিন নামে দু'জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। এ ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নজরুল ইসলাম ইউনিয়নের নির্বাচনী ফলাফল স্থগিত করেন বলে জানান পুলিশ কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৪৭ ঘ.