২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে জিয়ার মৃত্যুবার্ষিকীর কর্মসূচিতে গণ্ডগোল

জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বরিশালে বিএনপির এক পক্ষের শোভাযাত্রায় হামলা করেছে অন্য পক্ষ। দুজনকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2011, 07:52 AM

Updated : 24 Aug 2022, 03:11 PM

বরিশাল, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বরিশালে বিএনপির এক পক্ষের শোভাযাত্রায় হামলা করেছে অন্য পক্ষ। দুজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় নগরীর সদর রোড এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়। ৩০ মে ছিলো বিএনপির প্রতিষ্ঠাতা জিয়ার ৩০তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে বিএনপি সারাদেশে কয়েকদিনব্যাপী কর্মসূচি পালন করছে। কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকালে বরিশালের সাবেক মেয়র আহসান হাবীব কামালের সমর্থকরা শহরে শোভাযাত্রা বের করে। এটি কাঠপট্টি হয়ে দলীয় কার্যালয়ের ফেরার সময় সদর রোডে হামলা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। হামলার জন্য সংসদ সদস্য ও সাবেক মেয়র মজিবর রহমান সরোয়ারের অনুসারীদের দায়ী করেছেন। এতে দুজন আহত হয়েছেন বলে জানান তিনি। আহসান হাবিব সাংবাদিকদের বলেন, "সরোয়ারের সমর্থক আবুল কালাম শাহীন ও যুবদল নেতা জিয়াউদ্দিন সিকদারের নেতৃত্বে এক দল র‌্যালিতে হামলা চালায়।" তবে জিয়াউদ্দিন সিকদার এ অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের বলেন, "তাদের নিজেদের কোন্দলেই এ ধরনের ঘটনা ঘটেছে। তারা এখন উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে দেওয়ার চেষ্টা করেছে।" কোতোয়ালি মডেল থানার ওসি জাহাঙ্গীর হোসেন বলেন, শোভাযাত্রায় বিএনপির দুই পক্ষে হাতাহাতির ঘটনা ঘটে। এতে জড়িত থাকায় সরোয়ার সমর্থক রফিক আহসান এবং কামাল সমর্থক জহির নামে দুজনকে আটক করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৩৫০ ঘ.